কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান , মা হলেন শবনম বুবলী। ছবি: সংগৃহীত।
অনেক দিনের জল্পনা ছিল। সবটাই আড়ালে রেখেছিলেন অভিনেত্রী শবনম বুবলী এবং শাকিব খান। অবশেষে নিজেই সুখবর জানালেন ও পার বাংলার নায়িকা। কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী। আবার বাবা হলেন অভিনেতা শাকিব। ১১ মে মেয়ে হয়েছে শাকিব এবং বুবলির। নাম রেখেছেন শার্লিন খান।
সমাজমাধ্যমের পাতায় সুখবর ভাগ করে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।” সেখানেই সদ্যোজাতের নামও ঘোষণা করেন অভিনেত্রী।
সুখবর দিয়েছেন নায়িকা নিজেই। ছবি: ফেসবুক।
এখনও পর্যন্ত বাবা শাকিবের তরফে মেলেনি কোনও প্রতিক্রিয়া। সন্তানজন্মের সুখবরও দেখা হয়নি নায়কের সমাজমাধ্যমের পাতায়। তাঁর সমাজমাধ্যম জুড়ে শুধুই আসন্ন ছবি ‘রকস্টার’-এর প্রচার-ঝলক। সম্প্রতি বাংলাদেশের এক নৃত্যগুরু অ্যাডলফ খান সমাজমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। সেখানে তিনি বুবলীকে কন্যাসন্তানের জন্য অভিবাদন জানিয়েছেন।
তখনও অবশ্য যুগলে চুপই ছিলেন। শোনা গিয়েছিল, রমজ়ানের প্রথম সপ্তাহেই নাকি আমেরিকায় উড়ে যান বুবলী। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। প্রসঙ্গত, বুবলী ও শাকিবের প্রথম সন্তান বীরের জন্মও হয় আমেরিকাতেই। যদিও, বুবলী জানিয়েছিলেন সেই সময়ে শাকিব নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর খেয়াল রাখেননি একদমই। শাকিব নাকি সেই দেশে বুবলীকে একা ফেলে চলে আসেন বলে অভিযোগ করেন তিনি। যদিও সেই সব অভিযোগ এখন অতীত। সুখবর প্রকাশ্যে আসতে আনন্দবাজার ডট কম-এর তরফে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি।