Oracle Job Offer

ওরাকল থেকে ছাঁটাই হয়ে ‘গেমপ্ল্যান’ কষলেন তরুণ, দেড় মাসে ডাকল তিন সংস্থা! রহস্য ফাঁস করলেন নেটপাড়ায়

রেডিট প্ল্যাটফর্মে এক পোস্টদাতা ব্যাখ্যা করেছেন যে, তাঁকে ৩১ মার্চ ওরাকল থেকে বরখাস্ত নোটিস ধরানো হয়েছিল। কিন্তু চাকরি হারানোর পর হতাশ হয়ে পড়েননি তিনি। চুপচাপ বসে না থেকে নিজেকে উন্নত করার সিদ্ধান্ত নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৭:৩১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বড় খ্যাতনামী কোনও সংস্থায় চাকরি করার পর চাকরি খোয়া যাওয়াটা যে কোনও চাকরিজীবীর জীবনে এক বিশাল ধাক্কা। আবার কিছু মানুষ আছেন যাঁরা এই কঠিন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনতে পারেন সহজেই। তেমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ওরাকলে চাকরি হারানো এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার মাত্র ৪৫ দিনের মধ্যেই তিন তিনটি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন। তাঁর এই সাফল্যের গোপন চাবিকাঠির হদিস দিয়েছেন সমাজমাধ্যমের পোস্টেই। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সম্প্রতি খ্যাতনামী তথ্যপ্রযুক্তি জায়ান্ট ওরাকল ব্যাপক হারে কর্মীছাঁটাই কার্যকর করেছে। এই ছাঁটাইয়ের কারণে বিশ্ব জুড়ে প্রায় ৩০,০০০ কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই সমস্ত চাকরিহারা সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে চাকরিচ্যুত এক তরুণ রেডিটে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টদাতা ব্যাখ্যা করেছেন যে, তাঁকে ৩১ মার্চ সংস্থা থেকে বরখাস্ত নোটিস ধরানো হয়েছিল। কিন্তু চাকরি হারানোর পর হতাশ হয়ে পড়েননি তিনি। চুপচাপ বসে না থেকে নিজেকে উন্নত করার সিদ্ধান্ত নেন।

চাকরি হারানোর পর এক মাসের একটি পরিকল্পনা তৈরি করে নেন। প্রতি দিন এক থেকে দু’ঘণ্টা পড়াশোনা করতেন ওই তরুণ। এক মাসের মধ্যেই এআই ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করেন বলে জানিয়েছেন তিনি। চাকরির ইন্টারভিউয়ের সময় দক্ষতা প্রদর্শনের জন্য তিনি দু’টি প্রোজেক্টও তৈরি করেন। এর পর, তিনি তাঁর লিঙ্কডইন প্রোফাইলটি আপডেট করেন এবং চাকরি খুঁজতে শুরু করেন।

Advertisement

লিঙ্কডইনের মাধ্যমে প্রায় ২০ জন নিয়োগকারী সংস্থা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বেশ কয়েকটি সংস্থা তাঁকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণও জানায়। মে মাসের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত তিনি সাতটি সংস্থায় সাক্ষাৎকার দেন। কয়েকটিতে সফল না হলেও, শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছেঁড়ে তরুণের। পর পর তিনটি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পান। এখন তিনি একটি নতুন সংস্থায় এআই ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করতে চলেছেন বলে জানান তরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement