Dona Bhowmik Wedding

‘মায়ের বিয়ের শাড়ি পরব’,অগস্টেই আংটি বদল, কবে বিয়ে ‘টুম্পা অটোওয়ালি’র অভিনেত্রী ডোনা ভৌমিকের?

‘টুম্পা অটোওয়ালি’র টুম্পা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন অভিনেত্রী ডোনা ভৌমিক। এই বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২২:১১
Share:

বিয়ের পরিকল্পনা জানালেন ডোনা। ছবি: সংগৃহীত।

‘টুম্পা অটোওয়ালি’র টুম্পা তিনি। অভিনেত্রী ডোনা ভৌমিককে এখনও দর্শক এই নামেই চেনে। অনেক দিন হল তাঁকে ছোটপর্দায় দেখছেন না দর্শক। অনেকের মনেই প্রশ্ন ছিল, তা হলে কোথায় গেলেন তিনি? নায়িকা এখন ব্যস্ত তাঁর বিয়ের প্রস্তুতিতে। তাই আর কোনও দিকে মন দিতে এখনই রাজি নন টুম্পা ওরফে ডোনা।

Advertisement

ইতিমধ্যেই বিয়ের কেনাকাটা সেরে ফেলেছেন তিনি। অভিনেত্রী বললেন, “১৮ অগস্ট আমাদের আশীর্বাদ, রেজিস্ট্রি, আংটি বদল। আর ডিসেম্বরে বিয়ে। সেই তারিখটা এখনই প্রকাশ্যে আনতে চাই না। এটুকু বলব ডিসেম্বরের প্রথম দিকেই আমাদের বিয়ে। আইনি বিয়েতে মায়ের বিয়ের শাড়ি পরব। আর বিয়েতে পরব নেপাল থেকে ডিজ়াইন করা আসা শাড়ি। এর থেকে বেশি কিছু বলতে চাই না।”

হবু স্বামীর সঙ্গে ডোনা। ছবি: ফেসবুক।

অভিনেত্রীর হবু স্বামীও কি অভিনয় পেশার সঙ্গে যুক্ত? অভিনেত্রী জানান, একেবারেই নয়। তাঁর হবু স্বামী সম্পূর্ণ অন্য জগতের মানুষ। অভিনেত্রী যোগ করেন, “আমাদের আলাপ পাহাড়ে ঘুরতে গিয়ে। আমাদের এক বন্ধুর, বন্ধু ছিল ও। সেই সূত্রেই ঘুরতে গিয়েছিল। সেখান থেকেই আলাপ হয় আমাদের। সেই সময় আমর জন্যও ছেলে খুঁজচ্ছিলেন মা-বাবা। পরে অবশ্য জানতে পারি ও আমাকে সাত বছর ধরে চেনে। মনে মনে আমাকে অনেক দিন ধরেই পছন্দ করত। বলা যেতে পারে, এই বিয়েটা ওর দিক থেকে প্রেমের বিয়ে। আমার ক্ষেত্রে বরং উল্টোটা।”

Advertisement

ডোনা জানালেন হবু স্বামী সায়ন্তন মুখোপাধ্যায়কে তাঁর মা-বাবার অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি বললেন, “মানুষ সায়ন্তন কেমন, সেটাই প্রথম দেখেছিলেন মা-বাবা। তা ছাড়া আর্থিক ভাবে স্বচ্ছল কি না, সেই দিকটাও পরখ করে নেন।” আপাতত ডিসেম্বরের অপেক্ষায় রয়েছেন ডোনা। এই মুহূর্তে তাই নতুন কোনও কাজ শুরু করছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement