একই সিরিজ়ে দেখা যাবে শ্যামৌপ্তি, ঐন্দ্রিলা এবং ঐশ্বর্যাকে ছবি: সংগৃহীত।
কথায় বলে স্টুডিয়োপাড়ার অভিনেত্রীরা কখনও বন্ধু হয় না। কিন্তু তা যে সব সময় ঠিক নয়, সেই উদাহরণও পাওয়া গিয়েছে। একসময় নুসরত জাহান-মিমি চক্রবর্তীর বন্ধুত্বও খুব আলোচিত ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী শ্যামৌপ্তি মুডলী, ঐন্দ্রিলা বসু এবং ঐশ্বর্যা সেনের মধ্যেও বন্ধুত্ব তৈরি হয়েছে। তিন বান্ধবী মিলে এ বার একসঙ্গে নতুন সিরিজ়ও তৈরি করছেন।
ঐন্দ্রিলা জানালেন, এ কথা ঠিক যে তাঁরা একসঙ্গে কাজ করছেন। অভিনেত্রী বলেন, “আমি ঐশ্বর্যা এবং শ্যামৌপ্তি অনেক দিনের বন্ধু। ঐশ্বর্যার সঙ্গে একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম। সেখান থেকে আমাদের বন্ধুত্বের শুরু। শ্যামৌপ্তির সঙ্গেও ধারাবাহিকের সেটেই আলাপ। তার পরে যে কখন সম্পর্ক গভীর হয়ে গেল আমাদের, তা বুঝতে পারলাম না। এখন তো সম্পর্কটা পারিবারিকও হয়ে গিয়েছে। তাই মনে হল তিন জনে একসঙ্গে কাজ করলে মন্দ হয় না।”
একটি মিনি সিরিজ় তৈরি করেছেন তাঁরা। নতুন সিরিজ়ের নাম ‘ফেয়ারির খেল’। এই সিরিজ়ে তাঁরা অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও সামলাবেন। একেবারেই নিজেদের মতো করে তাঁরা এই সিরিজ় তৈরি করেছেন। স্বল্পদৈর্ঘ্যের এই সিরিজ়টি দেখা যাবে ইউটিউবে। ঐন্দ্রিলা যোগ করেন, “সবাই আমাদের একসঙ্গে ধারাবাহিকে দেখেছেন। এ বার সিরিজ়ে আমাদের কেমন লাগবে তাঁদের, সেটা জানতেই খুব উত্তেজিত।” এই মুহূর্তে ঐন্দ্রিলা শুরু করেছেন ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের শুটিং। অন্য দিকে শ্যামৌপ্তি আর ঐশ্বর্যা দু’জনেই বড়পর্দায় কাজ করছেন। তাঁদের একসময়ে ধারাবাহিকেও দেখেছে দর্শক।