Sourav Ganguly Bigg Boss Bangla

ইডেনে ‘দাদা’, তবে অন্য ভূমিকায়! নতুন মোড়কে ফিরছে ‘বিগ বস্‌ বাংলা’, সৌরভের সঙ্গে থাকছেন অনেকে

সঞ্চালক হিসাবে দীর্ঘ দিন ধরেই সৌরভকে পর্দায় দেখেছেন বাঙালি দর্শক। তবে এ বার ‘বিগ বস্‌ বাংলা’র সঞ্চালনা করতে দেখা যাবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:২৪
Share:

ইডেনে নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

শুক্রবার সন্ধ্যায় সেজে উঠল ইডেন গার্ডেন্স। হাজার আলোর ঝলকানি, আতসবাজির মাঝে উপস্থিত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার বুকে ক্রিকেট ম্যাচ নয়, তারকার এক ‘অন্য শো’-এর ঘোষণা। শীঘ্রই বাঙালি দর্শকের জন্য আসতে চলেছে ‘বিগ বস্‌ বাংলা’। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তাঁর কাঁধে। শুক্রবার হল সেই ঘোষণা। লেজ়ার শোয়ের মাধ্যমে প্রকাশ্যে এল অনুষ্ঠানের লোগো।

Advertisement

‘বিগ বস্‌ বাংলা’র ঘোষণা-অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত ও অভিনেত্রী তৃণা সাহা। সঞ্চালক হিসাবে দীর্ঘ দিন ধরেই সৌরভকে পর্দায় দেখেছেন বাঙালি দর্শক। তবে ‘বিগ বস্‌’ খানিক অন্য ধরনের অনুষ্ঠান। এ প্রসঙ্গে সৌরভ বলেন, “এমন অনুষ্ঠান এই প্রথম সঞ্চালনা করতে চলেছি। আগামী অগস্ট থেকে শুরু হয়ে ছ’মাস চলবে। এখানে প্রতিযোগী হিসাবে বিভিন্ন ক্ষেত্রের তারকারা আসবেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে হবে। একটা বড় চ্যালেঞ্জ বটে। আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত। তাই ভয় পাচ্ছি না। তবে পরিশ্রম করব। মহড়া দেব। আশা করছি, কাউকে হতাশ করব না।” প্রতিযোগী তারকাদের ‘মাস্টারক্লাস’ নেবেন সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় আসছে নতুন অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

এ প্রসঙ্গে সম্প্রচারকারী চ্যানেলের তরফে বলা হয়, “বাঙালি শুধুই স্বপ্ন দেখে না, বাঙালি লড়তেও জানে। লড়াই জিততেও জানে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতেও জানে। তার উদাহরণ, সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই ‘বিগ বস্‌ বাংলা’-র সঞ্চালক ও মুখ তিনি।”

Advertisement

ব্যাট হাতে সৌরভ, সঙ্গে যিশু সেনগুপ্ত। নিজস্ব চিত্র।

ইডেনে সৌরভ উপস্থিত আর ক্রিকেট খেলা হবে না, তা-ও কি হয়? অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বন্ধুত্বপূর্ণ ম্যাচ। যিশু সেনগুপ্ত, বনি সেনগুপ্তের সঙ্গে সৌরভও যোগ দেন সেই খেলায়। সঙ্গে ছিলেন ইডেনের কর্মীরাও। গ্যালারি ভরিয়েছেন ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement