Priya Malik

‘পিঠ থেকে ঘাড় ও চুল পুড়ে যায়’, দীপাবলি পালন করতে গিয়ে দুর্ঘটনা! কী অবস্থা এখন প্রিয়া মালিকের?

সোমবার রাতে দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালাচ্ছিলেন প্রিয়া। তখনই হঠাৎ আগুন ধরে যায়। পুড়ে যায় তাঁর শরীরের বেশ কিছু অংশও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৯:৫২
Share:

কোনওমতে প্রাণে বাঁচলেন প্রিয়া। ছবি: সংগৃহীত।

দীপাবলি উদ্‌যাপন করতে গিয়ে বড় বিপদের মুখে পড়লেন প্রিয়া মালিক। বাজি পোড়াতে গিয়ে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে, তা আশাও করেননি ‘বিগ বস্‌’ খ্যাত অভিনেত্রী তথা লেখিকা। কোনওমতে প্রাণে বাঁচলেন তিনি। ঘটনার ভয়াবহতার কথা নিজেই জানিয়েছেন প্রিয়া।

Advertisement

সোমবার রাতে দীপাবলি উপলক্ষে প্রদীপ জ্বালাচ্ছিলেন প্রিয়া। তখনই হঠাৎ আগুন ধরে যায়। পুড়ে যায় তাঁর শরীরের কিছু অংশও। সমাজমাধ্যমে প্রিয়া লেখেন, “গত রাতে দীপাবলি উদ্‌যাপন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে গিয়েছে। এটা নিয়ে এখানে বলছি। কারণ, এমন ঘটনা আমি কেবল ছবির পর্দাতেই দেখেছি। এ বার আমার সঙ্গে বাস্তবে ঘটে গেল।”

কী ভাবে আগুন ধরল? ঘটনার বিবরণে প্রিয়া লিখেছেন, “আমার পিঠ থেকে কাঁধ পর্যন্ত আগুন ধরে যায়। এমনকি, আমার চুলের খোঁপাতেও আগুন ধরে যায়। পিঠ ও ঘাড়ের অংশ পুড়তে শুরু করে। একটা প্রদীপ থেকেই এমন আগুন ধরে যায় মুহূর্তেই। আমি তখন আমার প্রতিবেশীদের সঙ্গে ছবি তুলছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দেখতে পাই, আমার ডান দিকের ঘাড় পর্যন্ত আগুন ধরে গিয়েছে।”

Advertisement

মুহূর্তে এমন ঘটে যাওয়ায় ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর পরিস্থিতি শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। প্রিয়া জানান, তাঁর বাবার উপস্থিত বুদ্ধিই তাঁকে রক্ষা করেছে। অভিনেত্রী লেখেন, “সৌভাগ্যবশত আমার বাবা আগুন ধরে যাওয়া পোশাক টেনে ছিঁড়তে পেরেছিলেন। এই আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পাওয়ার এটাই একমাত্র রাস্তা ছিল। বেঁচে গেলেও এই ঘটনা আমাকে ও আমার গোটা পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, ‘বিগ বস্‌ ৯’-তে ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন প্রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement