এখন কী করেন গায়ত্রী? ছবি: সংগৃহীত।
২০০৪ সালে মুক্তি পায় ‘স্বদেশ’। মুখ্য চরিত্রে শাহরুখ খান ও নবাগতা গায়ত্রী যোশী। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন। প্রশংসিত হয় তাঁর অভিনয়। কিন্তু, তার পরে? হঠাৎই যেন হারিয়ে গেলেন গায়ত্রী। জীবন নেয় নতুন মোড়। কোটিপতি ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ে করে সিনেদুনিয়া থেকে সরে দাঁড়ান গায়ত্রী। গ্ল্যামারের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেও মুম্বইয়ের অন্যতম বিলাসবহুল বাড়িতে এখন থাকেন তিনি।
২০০৫ সালে বিয়ে করে গায়ত্রী ওবেরয় নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেন। বিকাশের রিয়েল এস্টেটের ব্যবসায় ‘ক্রিয়েটিভ পার্টনার’ হিসাবে যোগ দেন তিনি। সেই সঙ্গে সংসারে মন দেওয়ার সিদ্ধান্তও নেন। এখন তিনি ‘ওবেরয় রিয়্যালটি’র ডিরেক্টর পদে রয়েছেন। মুম্বইয়ের ওরলিতে থাকেন সপরিবার। ৪৫ তলার বিলাসবহুল ফ্ল্যাটের অন্দরের মাপ প্রায় ১৬ হাজার বর্গফুট। রয়েছে পাঁচটি শোয়ার ঘর, সাতটি শৌচালয়। গত বছর, যখন এই ফ্ল্যাটটি তাঁরা কেনেন, তখন এর মূল্য ছিল প্রায় ৪০০ কোটি। এই বাড়ির লিফ্ট থেকে নামলেই সরাসরি বিশালাকার লবিতে পা রাখা যায়। যে কোনও ‘প্রজেক্ট’ই এত ভালবেসে তাঁরা শেষ করেন যে ওবেরয় দম্পতি সেটাকে শুধুমাত্র ‘কাজ’ বলতে নারাজ।
মুম্বইয়ে তাঁদের এই বাড়ির পাশাপাশি বিকাশ ৪১৯ কোটিরও বেশি অঙ্কের সম্পত্তির মালিক। তবে বিয়ের পরে একেবারেই আলোচনা থেকে সরে যান গায়ত্রী। যদিও ২০২৩ সালে ইটালিতে তাঁদের গাড়ি দুর্ঘটনার পরে আবার আলোচনায় উঠে আসেন গায়ত্রী ও তাঁর স্বামী।