রশ্মিকা-কৃতির সমকামী প্রেম? ছবি: সংগৃহীত।
সাড়া ফেলেছে ‘ককটেল ২’ ছবির ঝলক। ২০১২ সালে ‘ককটেল’ ছবিতে মুগ্ধ হয়েছিল দর্শক। উঠে এসেছিল এক ত্রিকোণ প্রেমের গল্প। এই ছবিতেও রয়েছে ত্রিকোণ প্রেম। সেই ত্রিকোণ প্রেমে সমকামী প্রেমের কথাও উল্লিখিত আছে? সেই প্রশ্নও উঠছে।
তিন মিনিটেরও বেশি দীর্ঘ ঝলকের শুরুতে শাহিদের চরিত্রের কণ্ঠ শোনা যায়। তিনি ভাবতে থাকেন, যখন বন্ধুত্বের সঙ্গে প্রেম জড়িয়ে যায়, তখন সম্পর্ক কতটা জটিল হয়ে ওঠে। সেই সময়ে কৃতির চরিত্র মজার ছলে মন্তব্য করেন “থ্রিসাম-এর মতো!” এই সংলাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
শুরুর দৃশ্যগুলোতে শাহিদ ও কৃতির চরিত্রকে একসঙ্গে আনন্দের সময় কাটাতে দেখা যায়। এর পর গল্পে আসে রশ্মিকার চরিত্র, যার সঙ্গে শাহিদের প্রেমের সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। ধীরে ধীরে তিন জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তাদের একসঙ্গে অনেক সুখের মুহূর্ত দেখা যায়। ক্রমশ বেশ কিছু আবেগঘন দৃশ্য রয়েছে ঝলকে।
এই ছবি নিয়ে আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন শাহিদ কপূর। ‘ফরজ়ি’ ওয়েব সিরিজ় সফল হওয়ার পর থেকেই তাঁর পারিশ্রমিক ঊর্ধ্বমুখী। এই ছবির জন্য তিনি নিয়েছেন ৩৫ কোটি টাকা। কৃতিকে এক শহুরে তরুণীর চরিত্রে দেখা গিয়েছে। তাঁর চরিত্রটির মধ্যে আবেদন রয়েছে বলেও মত অনুরাগীদের। এই উষ্ণ চরিত্রের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। একই সংখ্যার পারিশ্রমিক পাচ্ছেন রশ্মিকাও। তিনিও বক্সঅফিস-সফল অভিনেত্রী হিসাবেই পরিচিত বর্তমানে। ছবিটি ৮০ কোটি টাকায় তৈরি করেছেন হোমি আদাজানিয়া।
প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এই ছবিতে নাকি সমকামী যুগল হিসাবে দেখা যাবে কৃতি ও রশ্মিকাকে। তবে হোমি জানিয়েছেন, এমন কোনও গল্প নেই। দুই নায়িকার মধ্যে কেবল বন্ধুত্বই দেখানো হয়েছে। কৃতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, “দুটো ছেলের ভাল বন্ধুত্ব হলে তাকে ‘ব্রোম্যান্স’ বলা হবে। আর দুটো মেয়ের ভাল বন্ধুত্ব যেন হতেই পারে না।” ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।