Dhurandhar 2 vs Toxic

‘ধুরন্ধর ২’-এর পথে বাধা হল চন্দ্রগ্রহণ! মুক্তির আগেই ৬০০ কোটির ব্যবসা করল ‘টক্সিক’?

মুক্তির আগেই নাকি সারা দেশে ‘টক্সিক’-এর ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ। এই একই দিনে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৪:৩৮
Share:

‘ধুরন্ধর ২’ বনাম ‘টক্সিক’ ছবি: সংগৃহীত।

মুক্তির আগেই বড় সাফল্য যশের ছবি ‘টক্সিক’-এর। ছবির মূল ঝলকও এখনও প্রকাশিত হয়নি। কিন্তু বক্সঅফিসে ব্যবসা করে দিয়েছে এই ছবি। বিতর্কও হচ্ছে ছবির কিছু বিষয় নিয়ে। কিন্তু মুক্তির আগেই নাকি সারা দেশে ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। এমনই দাবি করেছেন বর্ষীয়ান প্রযোজক জি ধনঞ্জয়ন। ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ। এই একই দিনে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। কিন্তু রণবীর সিংহের ছবির পথে বাধা হয়ে দাঁড়াল চন্দ্রগ্রহণ!

Advertisement

প্রথম থেকেই দুটি ছবির মধ্যে প্রতিযোগিতার কথা শোনা যাচ্ছিল। ‘ধুরন্ধর ২’-এর মূল ঝলকও মুক্তি পায়নি। ৩ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল এই ঝলকটির। কিন্তু বাধা দিয়েছে চন্দ্রগ্রহণ। মঙ্গলবার দুপুর ৩.২০ থেকে সন্ধ্যা ৬.৪৭ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এই জন্যই নাকি ঝলক-মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে, সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন এক সূত্র। সেই সূত্রের কথায়, “মঙ্গলবার মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধুরন্ধর ২’-এর ঝলকটির। কিন্তু এই দিন চন্দ্রগ্রহণ, যে বিষয়টিকে শুভ বলে মনে করা হয় না। তাই এই দিনে মুক্তি পাচ্ছে না ছবির ঝলক।”

শোনা যাচ্ছে, ৫ অথবা ৬ মার্চ ‘ধুরন্ধর ২’-এর ঝলক মুক্তি পেতে পারে। তবে ছবির প্রথম ঝলক প্রকাশিত হতেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। অন্য দিকে যশের ছবি বার বার বিতর্কের মুখে পড়ছে। ছবিতে উগ্র পৌরুষ দেখানো হয়েছে বলে দাবি দর্শকের। ‘ধুরন্ধর ২’-এর সামনে এই ছবি বিশেষ ভাল ফল করতে পারবে না বলেও তাঁদের অনুমান। যদিও জি ধনঞ্জয়নের দাবি, ‘টক্সিক’-এর নির্মাতারা নিজেদের ছবি নিয়ে আত্মবিশ্বাসী বলেই একই দিনে ছবিমুক্তির ঘোষণা করেছেন। তবে বর্ষীয়ান প্রযোজক ‘টক্সিক’-এর বক্সঅফিস সংগ্রহ নিয়ে যে দাবি করেছেন, তা কতটা সত্য তা নিয়ে প্রশ্ন তুলছেন চলচ্চিত্র বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement