‘দিল সে’ ছবির কোন গোপন কথা ফাঁস করলেন ফরাহ খান? ছবি: সংগৃহীত।
শাহরুখ খান এবং মলাইকা অরোরার সেই বিখ্যাত গানের কথা মনে আছে? ২৮ বছর আগের সেই গানের এবং শাহরুখ ও মলাইকার নাচের কথা এখনও ভোলেননি অনুরাগীরা। কিন্তু শোনা যায়, প্রথমে এই গানে পা মেলানোর কথাই ছিল না মলাইকার। সম্প্রতি এই তথ্য ফাঁস করলেন পরিচালক ফরাহ খান।
পরিচালক ফরাহ জানিয়েছেন, মলাইকার আগে অনেকজনকে এই বিশেষ গানের জন্য বলা হয়েছিল। তিনি যোগ করেন, “অনেককে বলেছিলাম আমরা। কিন্তু শুটিংয়ের এক সপ্তাহ আগেও কাউকে রাজি করাতে পারিনি। তার পর সটান মলাইকাকে ফোন করি। তখনও আমি জানতাম না, ও নাচ করতে পারে কি না। খালি এটুকু জানতাম, এই গানের জন্য ওর লুক খুবই মানাবে।” পরিচালক মণি রত্নম শেষ পর্যন্ত বাধ্য হয়ে জানিয়েছিলেন, যাকে খুশি নিয়ে আসতে।
এখনও অনেক অনুষ্ঠানে এই গানের তালে পা মেলাতে দেখা যায় অনেককে। মলাইকা নিজেও অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গান তাঁর জীবনের বড় অংশ জুড়ে থেকে যাবে। এই মুহূর্তে বলিপাড়ার অন্যতম আলোচিত অভিনেত্রী মলাইকা। এই গানের পরে আরও নানা ধরনের গানে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। যদিও কাজের থেকেও বেশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা মায়ানগরীতে।