Tarkata Web Series First Look

‘অ্যাংরি ইয়ং ম্যান’ বিক্রমের সঙ্গে সাদামাঠা প্রিয়াঙ্কার সমীকরণ! প্রকাশ্যে ‘তারকাটা’র প্রথম ঝলক

এই সিরিজ়ের মাধ্যমে অভিনেতা বিক্রম আত্মপ্রকাশ করতে চলেছেন প্রযোজক হিসাবেও। অর্থাৎ এই বার জোড়া দায়িত্ব!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৪:৩২
Share:

বিক্রম-প্রিয়াঙ্কার ওয়েব সিরিজ়ের প্রথম লুক প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

চোখেমুখে রাগের অভিব্যক্তি স্পষ্ট। হাতে বন্দুক, গুলি ছুড়ছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। টলিপাড়ার ‘চকোলেট বয়’ ভাবমূর্তি ভেঙে তিনি আদ্যোপান্ত ‘অ্যাংরি ইয়ং ম্যান’। পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ় ‘তারকাটা’-তে এই ভাবেই দেখা যাবে নায়ককে। প্রকাশ্যে সিরিজ়ে অভিনীত শিল্পীদের নানা লুক।

Advertisement

এই সিরিজ়ের মাধ্যেমে অভিনেতা বিক্রম আত্মপ্রকাশ করতে চলেছেন প্রযোজক হিসাবেও। অর্থাৎ এই বার জোড়া দায়িত্ব। বিক্রমের অনেক বন্ধুই প্রযোজক। তিনি বললেন, “এই সিরিজ়ে আমার সঙ্গে প্রযোজনার দায়িত্ব সামলেছেন অভিনব। আমার দু’জন একসঙ্গে তৈরি করছি। ওর এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া আগেও ছবি তৈরির প্রতিটি ধাপে আমি নিজেকে যুক্ত রাখতাম। তাই প্রযোজক হওয়ার জন্যে কী কী জানার প্রয়োজন, তা শেখার কাজ অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল।”

খলনায়কের চরিত্রে দেখা যাবে ময়াং চ্যাং-কে। ছবি: সংগৃহীত।

জ়ি৫-এর এই নতুন সিরিজ়ে এক প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রমকে। একটি খুনের তদন্তে ফিরবেন। সেই তদন্ত তাঁর অতীতের সঙ্গে জড়িত কি না, এটাই রহস্য। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত ময়াং চ্যাং। বহু বছর পরে বিক্রম কাজ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে।

Advertisement

নিজের ভাবনা, গল্প স্বাধীন ভাবে বলার জন্যেই কি প্রযোজনার দায়িত্ব নিলেন বিক্রম? অভিনেতা বলেন, “দেবদা, জিৎদা বা অঙ্কুশেরা যে সময়ে নিজেদের অভিনয়জীবন শুরু করেছিলেন তখন বড় প্রযোজকেদের থেকে সাহায্য পেয়েছেন। তাঁরা ওঁদের দিশা দেখিয়েছেন কোন পথে এগোনো উচিত। কিন্তু এখন কলকাতায় কোনও প্রযোজক তা করেন না। সেই জন্যই আগের মতো তেমন হিরো তৈরি হচ্ছে না। যাঁরা হচ্ছেন , তা সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়।”

এই সিরিজ়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সত্যম চৌধুরীকে। ছবি: সংগৃহীত।

সিরিজ়ে অভিনেতার লুক যেমন একেবারে চমকে দেবে সবাইকে। তেমনই নায়িকা প্রিয়াঙ্কা ধরা দিয়েছেন একেবারে সাদামাঠা ভাবে। তবে কী ভাবে দেখা যাবে তাঁকে, তা এখনই খোলসা করতে নারাজ প্রযোজক তথা অভিনেতা। কলকাতা-টাকী মিলিয়ে হয়েছে এই সিরিজ়ের শুটিং। বিক্রম, প্রিয়াঙ্কা এবং ময়াং ছাড়াও দেখা যাবে দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচাৰ্য, আয়ুষ দাসকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement