West Bengal Cabinet Expansion

লোকভবনে রাজ্যপাল, শুরু হল মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান! কোন ৩৫ জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে শুভেন্দুর মন্ত্রিসভায়?

শপথগ্রহণে বিধায়কেরা ছাড়াও আমন্ত্রিত শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপির একাধিক নেতা। মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপস্থিতিতে ৩৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল আরএন রবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১০:২৩
Share:

লোকভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিচ্ছেন। সোমবার। ছবি: সংগৃহীত।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে সোমবার। লোকভবনে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল আরএন রবি। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি সদস্যেরা শপথ নিচ্ছেন। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন শুভেন্দু নিজে। নতুন ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন বলে রবিবারই ঘোষণা করেছেন শুভেন্দু। রাজ্যপাল তাঁদের শপথ পাঠ করাচ্ছেন।

Advertisement

মন্ত্রীদের নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। শপথ নিচ্ছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডলেরা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, কালিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা প্রমূখ।

লোকভবনে রাজ্যপাল আরএন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছেন। তবে কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যাঁরা ডাক পেয়েছেন, অনেকেই এসেছেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোকভবনে রয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Advertisement

এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভার সম্প্রসারণের পালা। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হবে ৪১।

সূত্রের খবর, শপথগ্রহণের পর লোকভবন থেকে সরাসরি নবান্নে যাবেন মন্ত্রীরা। সেখানে জরুরি বৈঠক হবে। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement