সরকারি বাসে ‘জ়িরো ব্যালান্স’ টিকিট পেয়ে খুশি মহিলা যাত্রীরা। ছবি: সংগৃহীত।
রাজ্য জুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল সোমবার থেকে। বিজেপি ক্ষমতায় আসার আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। বাসে উঠলে তাঁদের ‘জ়িরো ভ্যালু’র একটি টিকিট দেওয়া হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই এই সুবিধা মিলছে।
স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য তো বটেই, দূরপাল্লার বাসেও বিনামূল্যে টিকিটের সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। সে ক্ষেত্রে মোট ১২টি নথির যে কোনও একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। তার মধ্যে অন্যতম আধার কার্ড। এ ছাড়া, ভোটার কার্ড, সরকারের দেওয়া ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশনের নথি, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের দেওয়া চাকরির পরিচয়পত্র, কোনও স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা সরকারের দেওয়া যে কোনও অন্য পরিচয়পত্র দেখালেই বাসে বিনামূল্যে টিকিট কাটতে পারবেন মহিলারা। সোমবার সকাল থেকে বিভিন্ন সরকারি বাসে সেই মর্মে লিফলেট লাগিয়ে দেওয়া হয়েছে। কন্ডাক্টর এবং চালকদেরও এ ক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর। কী ভাবে ‘জ়িরো ব্যালেন্স’-এর টিকিট তাঁরা মহিলা যাত্রীদের দেবেন, তা শেখানো হয়েছে।
শুভেন্দু জানিয়েছেন, প্রাথমিক ভাবে বাসে উঠলেই মহিলাদের বিনামূল্যে টিকিট দিয়ে দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা যাতে অন্য কেউ নিতে না-পারেন, আগামী দিনে তার জন্য অন্য ব্যবস্থা করবে সরকার। মহিলাদের জন্য বাসের বিশেষ কার্ড করে দেওয়া হবে। মহিলাদের পোশাকের আড়ালে কেউ যাতে বাসে উঠে বিনা ভাড়ায় যাতায়াত করতে না-পারেন, তা নিশ্চিত করতেই কার্ডের ব্যবস্থা করবে সরকার। কবে সেই কার্ড চালু হবে, তা এখনও জানা যায়নি।
বিনামূল্যে বাসে যাতায়াত করতে পেরে মহিলা যাত্রীদের অনেকেই খুশি। সোমবার সকালে বাস থেকে এক মহিলা বলেন, ‘‘আমরা সাধারণ চাকুরিজীবী। রোজ বাসে যাতায়াত করতে হয়। বাসে খুব ভিড় থাকে, সবসময় বসার জায়গা পাওয়া যায় না। ভাড়া লাগছে না, তাতে আমরা খুব খুশি।’’ আর এক যাত্রীর কথায়, ‘‘এই ব্যবস্থা চালু হওয়ায় আমাদের খুব ভাল লাগছে। কারণ, এতে আমাদের যাতায়াতের খরচটা বাঁচবে।’’
বিনামূল্যে বাস পরিষেবা চালুর কথা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও। লিখেছেন, ‘‘পাহাড় থেকে সমতল— মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি ‘ভরসার শপথ’কে বাস্তবায়িত করতে মোদীজির মার্গদর্শনকে পাথেয় করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পূর্বের ঘোষণা অনুসারে আজ থেকে পাহাড় থেকে সমতলে সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করল। মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা এবং অধিকার সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর।’’