Gujarat Titans Bus Fire

শুভমনদের বাসে আগুন! আইপিএল ফাইনাল খেলে ফেরার পথে ঘণ্টা খানেক রাস্তাতেই আটকে গুজরাত দল

আইপিএল ফাইনাল আয়োজন করা হয়েছিল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রবিবার রাতে সেখানে স্বপ্নভঙ্গ হয়েছে শুভমনদের। পরে তাঁদের বাসেও আগুন লেগে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৮:০৬
Share:

অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হারের পর শুভমন গিল। ছবি: পিটিআই।

আইপিএল হারের পর রাতে গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন! মাঠ থেকে হোটেলে ফেরার পথে ঘণ্টা খানেক রাস্তাতেই আটকে থাকতে হল শুভমন গিলদের। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগে গিয়েছিল। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি। দ্রুত বাস থেকে ক্রিকেটারদের নামিয়ে দেওয়া হয়। পরে তাঁদের জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করে দল। সেই বাসে ক্রিকেটারেরা নিরাপদে হোটেলে পৌঁছোন।

Advertisement

আইপিএল ফাইনাল আয়োজন করা হয়েছিল অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। রবিবার রাতে সেখানে স্বপ্নভঙ্গ হয়েছে শুভমনদের। গুজরাতকে হারিয়ে দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলিদের রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। রাতে সেই মাঠ থেকে হোটেলে ফেরার পথে সমস্যায় পড়েন পরাজিত দলের ক্রিকেটারেরা। জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণে বাসের ভিতরের অংশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে দ্রুত ক্রিকেটারদের নামানো হয়। ওই বাস পুরোপুরি বিকল হয়ে গিয়েছিল। পরের বাস আসতেও বেশ কিছুটা সময় লেগেছে। তত ক্ষণ শুভমন, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডাদের রাস্তাতেই অপেক্ষা করতে হয়েছে। তবে সকলেই সুরক্ষিত রয়েছেন।

রবিবারের ঘটনার পর আইপিএলে শুভমনদের সূচি নিয়ে প্রশ্ন উঠেছে। ২৭ মে ধর্মশালা থেকে পঞ্জাবের মুল্লানপুর পৌঁছোতে হয় তাঁদের। সেখানে রাজস্থান রয়াল্‌সের বিরুদ্ধে ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলে গুজরাত। জেতার পর ৩০ তারিখেই তাঁদের অহমদাবাদে পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে সেই যাত্রায় বিলম্ব হয়। শনিবার রাতে গুজরাত দল অহমদাবাদ পৌঁছোয়। টানা যাত্রার ধকলে ক্রিকেটারেরা ক্লান্ত ছিলেন বলে কেউ কেউ দাবি করছেন। ফাইনাল খেলাতেও সেই ক্লান্তির প্রভাব পড়েছিল কি না, প্রশ্ন তুলেছেন সমর্থকদের কেউ কেউ। তবে ধকলকে আইপিএল হারের কারণ হিসাবে দেখাতে রাজি নন গুজরাত টাইটান্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘অল্প সময়ে এত ম্যাচ খেলে আমরা ক্লান্ত। কিন্তু শুধু এটা বলে আমি আরসিবি-র জয়ের কৃতিত্বকে খাটো করতে চাই না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement