Friday Release

চিত্রাঙ্গদা ও নওয়াজ়ের অভিনেতা না হওয়ার প্রতিজ্ঞা! সঙ্গে নীতুর প্রত্যাবর্তন, নাকি ‘গবড়ু’ সানি, এই সপ্তাহে কী দেখবেন?

রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই সবার এখন কৌতূহল। শুক্রবার সেই আলোচনা সরিয়ে কি হলমুখী হবেন দর্শক!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৯:০২
Share:

ছবি: সংগৃহীত।

গত দু’মাস ধরে রাজ্য বিধানসভা নির্বাচনের উত্তাপ দেখেছে সাধারণ মানুষ। ভোটের ফলপ্রকাশ হয়েছে। তবু রাজনৈতিক চাপানউতোর চলছে রাজ্যে। ৯ মে রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে, শুক্রবার মুক্তি পাচ্ছে বেশ কিছু হিন্দি ছবি। যার মধ্যে অন্যতম কলকাতার মেয়ে চিত্রাঙ্গদা শতরূপার হিন্দি ছবি। এ ছাড়াও মুক্তি পেতে চলেছে নানা স্বাদের ছবি।

Advertisement

ম্যায় অ্যাক্টর নহী হুঁ

নওয়াজউদ্দীন সিদ্দীকী সেই হাতে গোনা অভিনেতার মধ্যে এক জন, অনায়াসে ছোট থেকে বড় সিনেমায় যাঁর অবাধ যাতায়ত। তিনি নিজের জন্য একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। যেখানে কেবলমাত্র অভিনয় দক্ষতা নিয়ে নিজের একটা অনুরাগী সংখ্যা তৈরি করতে পেরেছেন। ছোট ছোট গল্প অর্থাৎ মানবিক গল্পে তাঁর সূক্ষ্ম অভিনয় সবসময় প্রশংসিত হয়েছে। যার প্রমাণ তাঁর অভিনীত ছবি ‘ফটোগ্রাফ’। এ বার ‘ম্যায় অ্যাক্টর নেহী হুঁ’ ছবিতে নওয়াজউদ্দীন আবার তাঁর অভিনয়ের সারল্যকে ভর করে পর্দায় স্বকীয়তা প্রমাণ করেছেন। সঙ্গী কলকাতার অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। মাত্র দেড় কোটি টাকায় নির্মিত এই ছবি ইতিমধ্যেই বেশ কিছু ফেস্টিভ্যালে ঘুরে এসেছে। রাজ্যে পালাবদলের মুহূর্তে কতটা প্রভাব ফেলবে এই ছবি সেটাই দেখার।

গবড়ু

শেষ বার সানি দেওলকে বড়পর্দায় দেখা যায় ‘বর্ডার ২’ ছবিতে। বক্স অফিসে মোটের উপর ভাল ফল করেছিল এই ছবি। এমনিতেই ‘গদর ২’ ছবির হাত ধরে কেরিয়ারের চাকা নতুন ভাবে ঘুরেছে সানির। এ বার তাঁর গবড়ু’ ছবির অপেক্ষা অনুরাগীরা। যদিও কথা ছিল মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি। কিন্তু ‘ধুরন্ধর ২’ ছবির সঙ্গে বক্স অফিসের সংঘাতে যেতে চাননি সানি। এ বার তাই নির্ধারিত তারিখের প্রায় তিন মাস বাদে মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবি একটা মধ্যবয়স্ক সংসারী লোকের গল্প। এমনিতেই সব সময় অ্যাকশন করতেই দেখা যায় তাঁকে। এ বার কি তবে সেই চেনা ছক ভাঙবেন সানি?

Advertisement

‘দাদি হো তো অ্যায়সি’

ঠাকুরমা মানেই বুড়ি! কিংবা সে নাতি নাতনিকে নিয়ে ধর্মগ্রন্থ পড়বেন, সেই ধারণা যেন পাল্টে দিতে চাইছেন নীতু কপূর। তাঁর আসন্ন ছবি ‘দাদি হো তো অ্যায়সি’-তে একেবারে আধুনিক ঠাকুরমা হওয়ার যা পাঠ দেবেন। শেষ বার তাঁকে দেখা ‘যুগ যুগ জিও’ ছবিতে। এ বার ফের বড় পর্দায় ফিরছেন তিনি যদিও তাঁর সঙ্গে বলিউডে অভিষেক হচ্ছে তাঁর মেয়ে ঋদ্ধিমা কপূরের। এ বার মা-মেয়ের যুগলবন্দি কি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারে সেটাই দেখার?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement