গৌরবের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন আকাঙ্ক্ষা? ছবি: সংগৃহীত।
‘বিগ বস্’-এর মঞ্চ থেকে খবরে উঠে আসে গৌরব খন্না ও আকাঙ্ক্ষা চমোলার সম্পর্কের সমীকরণ। রিয়্যালিটি শো-এর বিজয়ী তথা ‘অনুপমা’-খ্যাত অভিনেতা নাকি সন্তান চান। অন্য দিকে আকাঙ্ক্ষা জানিয়েছেন, তিনি মা হতে চান না। তার পর থেকেই তিনি কটাক্ষের শিকার। পাশাপাশি সম্প্রতি অভিনেত্রীর একটি ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছে। সেখানে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে তাঁর। সেই কারণেও তিনি তির্যক মন্তব্যের নিশানায় পড়েছেন। এ বার সব নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা।
শরীরের গড়ন খারাপ হয়ে যাবে বলেই নাকি তিনি মা হতে চান না, এমন কটাক্ষও আকাঙ্ক্ষার দিকে ধেয়ে এসেছে। এক সাক্ষাৎকারে গৌরব-পত্নী বলেন, “আমি মা হতে চাই কি না, আমার সিদ্ধান্ত। আমি কারণ ব্যাখ্যা করতে যাব না। কারণ নিয়ে তো লোকজন নানা জল্পনাও তৈরি করেছে। অনেকের দাবি, শরীরের গড়ন খারাপ হয়ে যাবে বলে নাকি আমি বাচ্চা চাই না। সেটা যদি হয়ও, আপনাদের কী?”
গৌরব ‘বিগ বস্’-এ থাকাকালীন আকাঙ্ক্ষাকে সকলে ভুল বুঝেছেন, এমনই দাবি অভিনেত্রীর। তাঁর কথায়, “ও বাচ্চা চায়। আর আমি চাই না। এটা নিয়ে আমাকে সবাই খুব খারাপ ভাবছিল।”
ওয়েব সিরিজ়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষেরও জবাব দেন আকাঙ্ক্ষা। তিনি প্রশ্ন তোলেন, “বিবাহিত অভিনেতারা পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলে তো সমস্যা হয় না! অথচ বিবাহিত মহিলারা পর্দায় ঘনিষ্ঠ হলেই তাঁকে চরিত্রহীন বলা হয়। পুরুষতন্ত্র আমাদের রক্তে বইছে।”