(বাঁ দিকে) শাহরুখ খান, (ডান ডিকে) প্রিয়া গিল। ছবি: সংগৃহীত।
পঞ্জাবের মেয়ে। ১৯৯৫ সালে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন প্রিয়া গিল। তার পর বড়পর্দায় অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন তিনি। সিনেমায় প্রথম বড় সুযোগ আসে অমিতাভ বচ্চনের প্রযোজনায়। শাহরুখ খান থেকে শুরু করে দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা নাগার্জুন এবং অজিত কুমারের মতো তারকাদের বিপরীতে অভিনয় করেছেন। সাফল্য পেলেও বলিপাড়া থেকে হঠাৎ উধাও হয়ে যান প্রিয়া গিল। বর্তমানে কী করছেন তিনি?
নিজের জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন প্রিয়া। সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে বাগ্দান হয়ে যায় প্রিয়ার। কিন্তু এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ছেলেটির। ভেঙে পড়েন প্রিয়া। বাড়ির লোকেদের অনুমতি নিয়ে ফের অভিনয় শুরু করেন তিনি। সে সময় বলিউডে এক ঝাঁক নতুন নায়িকা উঠেও আসছিলেন। সুস্মিতা সেন, রানি মুখোপাধ্যায়ও সেই বছর থেকেই হিন্দি ছবিতে কাজ শুরু করেন। পরের বছর ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঐশ্বর্যা রাই। সিনেমায় পা দেন প্রিয়াও। যার ফলে অনেকেই তাঁর ও ঐশ্বর্যার কেরিয়ারের তুলনাও টানেন। একাধিক ছবিতে অভিনয় করছেন । তবু ভাগ্য যেন প্রসন্ন ছিল না তাঁর। প্রিয়া প্রথম পরিচিতি পান ‘সির্ফ তুম’ ছবির মাধ্যমে। কিন্তু তার পরও যে একের পর এক ছবির প্রস্তাব পেয়েছেন তেমন নয়। একটা সময় ভেবেছিলেন ইন্ডাস্ট্রিতে আর কাজ করবেন না। এমন সময় শাহরুখ খানের বিপরীতে নায়িকার হওয়ার প্রস্তাব পান প্রিয়া। মনসুর খান ‘জোশ’ ছবির জন্য প্রথমে শাহরুখ ও আমির দু’জনকে ভেবেছিলেন। কিন্তু আমির শেষ অবধি ছবি থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় সুযোগ পান চন্দ্রচূড় সিংহ। আমির কাজ না করায় সরে দাঁড়ান রানি মুখোপাধ্যায়ও। তাঁর বদলে ছবিতে কাজ করেন প্রিয়া গিল।
‘জোশ’ ছবির একটি দৃশ্য।
এই ছবিতেই শাহরুখকে চড় মারার একটি দৃশ্যে অভিনয় করেন প্রিয়া। যদিও শাহরুখকে চড় মারতে বেশ অস্বস্তিতেই পড়তে হয় প্রিয়াকে। কিছুতে চড়টা মেরে উঠতে পারছিলেন না প্রিয়া। কিন্তু যখন শেষ নায়কের গালে চড় বসান পরিচালক, তখন নাকি উত্তেজনায় ‘কাট’ বলতে ভুলে যান।
কিন্তু তার পর যেন স্বেচ্ছা অবসর। ২০০৬ সাল থেকে পুরোপুরি এই সিনেমার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেন প্রিয়া। সমাজমাধ্যমে কোনও প্রোফাইল নেই তাঁর। শোনা যায়, প্রিয়া নাকি বিয়ে করে ডেনমার্কে আছেন। যদিও এর কোন প্রমাণ নেই। তবে শেষ বার প্রিয়াকে দেখা গিয়েছিল ২০১৬ সালে প্যারিসে। এক অনুরাগী তাঁকে চিনতে পারেন। তাঁর সঙ্গে ছবিও তোলেন। সমাজমাধ্যমে ওটাই শেষ ছবি তাঁর।