Hiten Tejwani Net Worth

‘গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়ি’, পর্দায় তিনি স্মৃতি ইরানির সৎছেলে, হিতেনের সম্পত্তির পরিমাণ কত?

৫ মার্চ হিতেনের জন্মদিন। তিনি বহু ধারাবাহিক ও ছবিতেও অভিনয় করেছেন। হিতেন ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১১:০০
Share:

হিতেন বর্তমানে সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

ছোটপর্দার অন্যতম মুখ হিতেন তেজওয়ানি। হিন্দি ধারাবাহিক ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’র দর্শক তাঁকে কর্ণ নামেই চেনেন। স্মৃতি ইরানি অর্থাৎ তুলসীর সৎছেলের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করতেন গৌরী প্রধান। পরে তাঁর সঙ্গেই সংসার পাতেন হিতেন। যমজ সন্তানের বাবা-মা তাঁরা। একসময় হিতেন জানিয়েছিলেন, ছোটপর্দার অভিনেতাদের লড়াই খুব সহজ নয়। দিনে ২২ ঘণ্টাও কাজ করেছেন। বার্ষিক আয় নিয়েও কথা বলেন তিনি।

Advertisement

৫ মার্চ হিতেনের জন্মদিন। তিনি বহু ধারাবাহিক ও ছবিতেও অভিনয় করেছেন। হিতেন ২৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, একজন ছোট পর্দার তারকা হিসাবে সাফল্য পেতে কতটা কঠোর পরিশ্রম করতে হয়।

হিতেনের মতে, একজন ছোট পর্দার অভিনেতা বছরে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন। তবে তার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। তিনি বলেন, “কে কত পারিশ্রমিক নিচ্ছেন, তার উপর অনেক কিছু নির্ভর করে। ৩০ দিনের শুটিংয়ের জন্য ৭ লক্ষ টাকা যদি হয়, তা হলে বছরে তা দাঁড়ায় ৮৪ লক্ষ টাকা। এর সঙ্গে যদি কিছু বিজ্ঞাপন বা অন্য কোনও অনুষ্ঠান থাকে, তা হলে তাঁরা অতিরিক্ত পারিশ্রমিক পান। ফলে মোট আয় ১ কোটি টাকা পর্যন্ত পৌঁছোতে পারে।”

Advertisement

একসময় কোনও বিরতি না নিয়ে টানা ২২ ঘণ্টাও কাজ করেছেন হিতেন। টেরও পেতেন না, কী ভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে যেত। শুটিং-এর ফাঁকে ফাঁকে ১০ মিনিট করে ঘুমিয়ে নিতেন। ঘুমে চোখ বুজে আসত। গাড়ি চালানোর সময়ে সবচেয়ে ঘুম পেত। এক দিন ঘুমিয়েও পড়েছিলেন এবং রাস্তায় একটি ডিভাইডারে ধাক্কা দিয়ে ফেলেছিলেন বলে জানান হিতেন।

নতুন অভিনেতাদের জন্য তিনি বলেন, “মানসিক ভাবে খুব শক্তিশালী হতে হবে। কারণ মানসিক ভাবে যদি হেরে যাও, আর পারবে না। ভেঙে পড়বে। ঘুম পাচ্ছে, শরীরের অবস্থা খারাপ— তবুও বলতে হবে, ‘চলো কাজ করি’। করতেই হবে। সুযোগ এক বার হাতছাড়া হলে আর ফিরে পাওয়া যায় না।”

শোনা যায়, বর্তমানে তিনি ৩০ কোটি টাকার মালিক। একসময় দিনে ১০০০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করেছিলেন। কিন্তু আজ মাসে নেন প্রায় ৭ লক্ষ টাকা। ব্যক্তিগত জীবনেও গুঞ্জন এড়িয়ে চলেছেন অভিনেতা।

উল্লেখ্য, বর্তমানে তিনি ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’র নতুন সংস্করণে কাজ করছেন। পাশাপাশি ‘মেরি ভাব্যা লাইফ’ বলে এক ধারাবাহিকেও অভিনয় করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement