Anirudh Ravichander Wedding Update

গাঁটছড়া বাঁধছেন ‘জওয়ান’-খ্যাত সঙ্গীত পরিচালক! অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর পরিবারের?

অনিরুদ্ধ ও কাব্যের প্রেমের জল্পনা বহুদিনের। এ বার তাঁদের বিয়ে নিয়ে মুখ খুললেন সঙ্গীত পরিচালকের পরিবারেরই এক জন। কী বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৫৭
Share:

সত্যিই বিয়ে করছেন অনিরুদ্ধ ও কাব্য? ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন, জনপ্রিয় সঙ্গীত পরিচালক-গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র ও ক্রিকেটদল সানরাইজ়ার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান নাকি সম্পর্কে রয়েছেন। এ বার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন অনিরুদ্ধের পিসেমশাই, বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্র। তাঁর মন্তব্য ঘিরেই এখন জোর আলোচনা। খবর, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিরুদ্ধ ও কাব্য।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেন্দ্র বলেন, “ও (অনিরুদ্ধ) খুবই শান্ত স্বভাবের ছেলে। এই সুযোগে ওকে অভিনন্দন জানাতে চাই। বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছে।” তিনি জানান, ‘জওয়ান’-খ্যাত সঙ্গীত পরিচালকের পরিবারের তরফেই এই বিয়ের বিষয়টি নিশ্চিত ভাবে জানতে পেরেছেন। তাঁর কথায়, “আমাকে যা জানানো হয়েছে, তাতে এটা নিশ্চিত। ওরা বিয়ে করছে।”

যদিও বিয়ের দিন ক্ষণ বা কোথায় বিয়ে হবে, সে সব নিয়ে কিছুই বলেননি। তবুও তাঁর এই মন্তব্য অনিরুদ্ধ-কাব্যের সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

Advertisement

কাব্যের ভূয়সী প্রশংসা করেন মহেন্দ্র। তিনি বলেন, “ও কোনও সাধারণ মেয়ে নয়। এত বড় একটি দল (হায়দরাবাদের আইপিএল টিম) সামলানোর ক্ষমতা ওর রয়েছে। বাবার ব্যবসায়িক দক্ষতা ওর মধ্যে রয়েছে।” শুধু তা-ই নয়, এই জুটিকে নিয়েও নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “ওরা জুটি হিসাবেও দারুণ। দু’জনে একসঙ্গে থাকুক। সঙ্গীতের দুনিয়ায় আরও কিছু করুক, এই আশীর্বাদ করি।”

প্রসঙ্গত, অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের গুঞ্জন এই প্রথম নয়। ২০২৫ সালের জুন মাসে সমাজমাধ্যমে দাবি করা হয়, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন দু’জনে। তখন অনিরুদ্ধের অপর পিসেমশাই, তারকা অভিনেতা রজনীকান্ত নাকি কাব্যের বাবা কলনীতি মারানের সঙ্গে দেখা করে বিয়ের আলোচনাও সেরে ফেলেন বলে শোনা যায়।

তবে সেই সময় বিয়ের খবর উড়িয়ে অনিরুদ্ধ লিখেছিলেন, “বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।” তবে বিয়ের গুঞ্জনে জল ঢাললেও কাব্যের সঙ্গে সম্পর্কের জল্পনা সরাসরি অস্বীকার করেননি। আবার তাঁদের বিয়ের খবর ছড়ালেও অনিরুদ্ধ বা কাব্য, কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও। ফলে ভক্তদের মধ্যে জল্পনা বাড়লেও, সকলেই নিশ্চিত খবরের অপেক্ষায়। আপাতত অনিরুদ্ধের গানেই মজেছেন অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement