Updates Of Artist Forum

বন্ধ হচ্ছে লীনার সব বাংলা ধারাবাহিক, আগামী দিনে সর্বভারতীয় স্তরেও কি কাজ করতে পারবেন না তিনি?

দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে চলেছে টলিউড। বাংলায় বন্ধ ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার সমস্ত কাজ। আগামী দিনে সর্বভারতীয় স্তরেও বন্ধ হতে পারে তাদের কাজ?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২২:২২
Share:

(বাঁ দিকে) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় (ডান দিকে)? ছবি: ফেসবুক।

টেকনিশিয়ান স্টুডিয়োয় মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক। পরে সাংবাদিক বৈঠকে একাধিক পদক্ষেপের ঘোষণা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ। ইন্ডাস্ট্রির সবার নিরাপত্তা চেয়ে আলোচনা হয় নতুন আদর্শ পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) নিয়ে। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ঘোষিত হয়, বাংলার অভিনেতা, টেকনিশিয়ানরা আর কাজ করবেন না প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে।

Advertisement

মঙ্গলবারের এই বৈঠক একই সঙ্গে সম্ভাবনা তৈরি করে দিয়েছে আরও বড় পদক্ষেপের। খবর, এ দিন বৈঠকের পর সাংবাদিকদের সামনেই সংগঠনের সহ-সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, সর্বভারতীয় স্তরেও লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা যাতে কাজ করতে না পারে, সেই আবেদনও হিন্দি বলয়ের সংগঠনের কাছে রাখবে আর্টিস্ট ফোরাম। খবরের সত্যতা যাচাই করতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল প্রসেনজিতের সঙ্গে। তিনি বিষয়টি অস্বীকার করেননি। বলেছেন, “রাহুলের মৃত্যুর পর সমাজমাধ্যমে ‘বিচার’ চেয়ে অজস্র প্রশ্ন রাখা হয়েছিল। কথা নয়, আমরা কাজের মাধ্যমে উত্তর দিলাম। আপাতত বাংলায় তাঁর কাজ বন্ধ হল। আগামী দিনে আর কী করতে চলেছে আর্টিস্ট ফোরাম, তার জন্য সবাই আর কয়েকটি দিন অপেক্ষা করুন।”

পাশাপাশি প্রসেনজিৎ এ-ও জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চাইছেন না বাংলার অভিনেতা, কলাকুশলীরা। তাঁরা ভয় পাচ্ছেন। তাই যত দিন না নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছেন প্রযোজকজুটি, তত ক্ষণ পর্যন্ত তাঁদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সবাই। এ ছাড়া, এ দিনের সাংবাদিক বৈঠকে এমনও আভাস দেওয়া হয়েছে, রাহুলের মৃত্যু বাংলার বুকে যে আলোড়ন তুলেছে, তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সারা ভারতে। সংবাদিক বৈঠকে প্রসেনজিৎ এ-ও জানিয়েছেন, ইতিমধ্যেই কেরল, ওড়িশা, হিন্দি বলয়— সর্বত্র রাহুলের মৃত্যুতে শোক জানানো হয়েছে। সমালোচিত হচ্ছে প্রযোজনা সংস্থা। চিঠির আদানপ্রদান চলছে রাজনৈতিক মহলেও। ফলে, আগামী দিনে সর্বভারতীয় স্তরে লীনা-শৈবালকে কাজ করতে না দেওয়া প্রসঙ্গে আর্টিস্ট ফোরাম আবেদন জানালে তা সম্ভবত বিবেচিত হবে।

Advertisement

প্রসঙ্গত, বাংলায় পায়ের তলার মাটি শক্ত করার পর একের পর এক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকও প্রযোজনা করছিলেন লীনা-শৈবাল। ‘ম্যাজিক মোমেন্টস’-এর বাংলা ধারাবাহিক ‘শ্রীময়ী’র হিন্দি সংস্করণ ‘অনুপমা’। নায়িকার ভূমিকায় অভিনয় করছেন রূপালি গঙ্গোপাধ্যায়। সম্প্রতি, তাতে যোগ দিয়েছেন বাংলা ও হিন্দির আর এক জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়। এটি লীনা-শৈবালের প্রযোজনা সংস্থার নয়। প্রযোজকজুটির ঝুলিতে রয়েছে ‘ঝনক’, ‘রিস্তো কা মঞ্ঝা’ ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement