(বাঁ দিকে) তলপতি বিজয়, (ডান ডিকে) কমল হাসন। ছবি: সংগৃহীত।
রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা তারকা তলপতি বিজয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই বড়সড় প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন তিনি। তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন বিজয়। তাঁর নির্দেশ, ধর্মীয় স্থান, স্কুল-কলেজ এবং বাসস্ট্যান্ডের সামনে মদ বিক্রি করা যাবে না। তলপতির এ হেন সিদ্ধান্তের পাল্টা কী বললেন আর এক দক্ষিণী তারকা কমল হাসন?
সরকারের অনুমোদিত মোট ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে তামিলনাড়ুতে। সেগুলির মধ্যে ৭১৭টি বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিজয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দোকানগুলির মধ্যে ২৭৬টি ছিল ধর্মীয় স্থানের খুব কাছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে রয়েছে ১৮৬টি মদের দোকান। আর বাসস্ট্যান্ডের নিকটবর্তী ২৫৫টি দোকান।
এত দিন মদ বিক্রি থেকে রাজস্ব বাবদ মোটা টাকা তামিলনাড়ু সরকারের ঘরে আসত। বিজয়ের এই সিদ্ধান্তের জেরে রাজ্যের আর্থিক হাল আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন অনেকে। যদিও বিজয়ের এই সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কমল। তাঁর কথায়, ‘‘মদ বিক্রির টাকার উপর সরকার কাজ করে না। বরং মদ বিক্রি ও মদ্যপানের উপর নিয়ন্ত্রণ করাই সরকারের কাজ। সবে পদক্ষেপের দিকে একটা ধাপ এগোনো হয়েছে, ৭১৭ থেকে সংখ্যাটা আরও বাড়বে। বিজয় মুখ্যমন্ত্রীর অফিসে পা রাখা মাত্র যে সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সাধুবাদ জানাচ্ছি।’’ তামিলনা়ড়ুর একটা বড় সংখ্যক অভিনেতা-অভিনেত্রী বিজয়কে সাধুবাদ জানিয়েছেন।