Mandana Karimi

আয়াতোল্লা খামেনেইকে নিয়ে মন্তব্য, ভারত ছাড়ার সিদ্ধান্ত! এ বার মন্দনা করিমি কাকে জবাব দিলেন?

দুবাই যাওয়ার পর থেকে নিজের জীবনের খুঁটিনাটি তুলে ধরছিলেন মন্দনা। তার পরেই কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২১:২৫
Share:

কড়া জবাব দিলেন মন্দানা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাজনৈতিক বিষয় নিয়ে প্রায়ই সরব হন ইরানি অভিনেত্রী মন্দনা করিমি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু নিয়েও মন্তব্য করেছিলেন অভিনেত্রী। আমেরিকা ও ইরানের সংঘাত নিয়েও নিয়মিত নানা মন্তব্য করেছেন তিনি। গত মাসে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দনা। তবে ইরান ফেরার কথা বলেননি তিনি। জানিয়েছিলেন, এ বার তিনি থাকবেন দুবাইতে।

Advertisement

দুবাই যাওয়ার পর থেকে নিজের জীবনের খুঁটিনাটি তুলে ধরছিলেন মন্দনা। তার পরেই কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। অনেকে অভিযোগ করেছিলেন যে, তিনি এখন শুধু নিজের নতুন জীবনযাপন দেখাতে ব্যস্ত এবং আর যুদ্ধ নিয়ে কথা বলছেন না। একটি ভিডিয়োবার্তার মাধ্যমে জবাব দিয়েছেন তিনি।

‘বিগ বস্‌’ খ্যাত অভিনেত্রী বলেন, “অনেকেই আমাকে মেসেজ করছেন, কেন আমি আর ইরান নিয়ে কথা বলছি না। কী ভাবে আমার জীবনে সব কিছু স্বাভাবিক হয়ে গেল! কিন্তু মানুষ হয়তো বোঝে না, এর জন্য কত বড় মূল্য দিতে হয়েছে। আমি কাজ হারিয়েছি, বহু সুযোগ হারিয়েছি। নিজের দেশকে কষ্ট পেতে দেখে অসহায় বোধ করার যে মানসিক চাপ ছিল এবং মন ভেঙেছিল— সব কিছু সহ্য করেছি।” মন্দনা জানান, তাঁর পরিবার এখনও ইরানে রয়েছে। অভিনেত্রীর কথায়, “যখন প্রয়োজন ছিল, আমি কথা বলেছি এবং ভবিষ্যতেও বলব।”

Advertisement

মন্দনা আরও বলেন, “কখনও লড়াই মানে কথা বলা, কখনও লড়াই মানে টিকে থাকা, আবার কখনও লড়াই মানে নিজেকে সুস্থ করে তোলা। আমি যদি আমার সুসময়ের মুহূর্ত পোস্ট করি, তার মানে এই নয় যে, আমি ইরানকে ভুলে গিয়েছি। বরং এর মানে, এত কিছুর পরেও আমাকে ভেঙে ফেলা যায়নি। এত কিছুর পরেও আমি, কাজ করতে করতে এবং হাসতে হাসতে এগিয়ে যাচ্ছি। ইরানের প্রতি আমার ভালবাসা কখনও শুধু সমাজমাধ্যমের ‘কনটেন্ট’ ছিল না। তাই আমার সমাজমাধ্যম দেখে আমাকে বিচার করবেন না।”

মন্দনার বক্তব্য, তাঁর ভাল থাকা কোনও ভাবেই ইরানের প্রতি উদাসীনতাকে বোঝায় না। তাঁর বক্তব্য, “আমার বেঁচে থাকাকে উদাসীনতা ভাববেন না। আমার খুশি থাকাকে ভুলে যাওয়া ভাববেন না। প্রবল আতঙ্কের পরে জীবনকে স্বাভাবিক করছি মাত্র।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement