BSF-BGB Meeting

দিল্লিতে এলেন বাংলাদেশের সীমান্ত বাহিনীর প্রধান! বিএসএফের ডিজির সঙ্গে তিন দিন ধরে চলবে শীর্ষ বৈঠক

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম দু’দেশের বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন বৈঠক হচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ান এবং ভারতীয় নাগরিকদের উপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২২:২০
Share:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত বাহিনীর শীর্ষ স্তরের বৈঠক। ছবি: সংগৃহীত।

ভারত-বাংলাদেশ সীমান্ত বাহিনীর শীর্ষ স্তরের বৈঠক শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তার জন্য সোমবার দিল্লিতে পৌঁছে গিয়েছে বাংলাদেশি বাহিনীর প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বাধীন বিজিবি-র প্রতিনিধিদল। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার এবং বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা।

Advertisement

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠনের পর এই প্রথম দু’দেশের বাহিনীর শীর্ষ পর্যায়ের এমন বৈঠক হচ্ছে। সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ান এবং ভারতীয় নাগরিকদের উপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে নতুন সরকারও বাংলাদেশি অবৈধবাসীদের ধরপাকড় শুরু করেছে। অবৈধবাসীদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এ অবস্থায় বিজিবি এবং বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারত-বাংলাদেশের মধ্যে মোট ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তার মধ্যে অর্ধেকেরও বেশি, প্রায় ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। এ রাজ্যে নতুন রাজ্য সরকার অবৈধবাসীদের বিতা়ড়নের জন্য তৎপর হয়েছে। অবৈধবাসী এবং অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে ‘থ্রি-ডি’ (ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট)— এই নীতিতে চলছে রাজ্য সরকার। রবিবার কলকাতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, গত এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ৪,৮০০ জন অবৈধবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৮৩৬ জনকে ফেরত পাঠানোর জন্য হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

Advertisement

পিটিআই জানাচ্ছে, সীমান্ত অপরাধ দমন এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়েই আলোচনা হবে ওই বৈঠকে। পাশাপাশি সীমান্তে কাঁটাতার, অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশি অবৈধবাসীদের বিজিবি-র কাছে হস্তান্তরের বিষয়গুলিও এই বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement