Pradhan Mantri Ujjwala Yojana

আরও কমল উজ্জ্বলায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা! গ্রাহকেরা এ বার বছরে পাবেন মাত্র চারটি রান্নার গ্যাস

২০১৬ সালে মে মাসে দেশ জুড়ে চালু হয় মোদীর উজ্জ্বলা যোজনা। সেই সময় বছরে ১২টি ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন গ্রাহকেরা। পরে তা কমিয়ে ন’টি করা হয়। সোমবার সেই সংখ্যা কমিয়ে চারটি করল মোদী সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২৩:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের গরিব পরিবারগুলির জন্য চালু উজ্জ্বলা প্রকল্পের অন্তর্গত ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের সুবিধা আবার কাটছাঁট করল নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকেরা এখন থেকে বছরে চারটি করে সিলিন্ডার পাবেন। এত দিন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার বছরে ৯টি করে পেতেন গ্রাহকেরা।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজার কথা উল্লেখ করে জানায়, সিলিন্ডারের সংশোধিত প্রাপ্যের সংখ্যা মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গড় বার্ষিক ব্যবহারের প্রতিফলন। তাঁর কথায়, ‘‘সরকারের নির্ধারিত প্রতি সিলিন্ডার সরবরাহের খরচের তুলনায় গ্রাহকেরা প্রায় অনেকটাই সহায়তা পান।’’

২০১৬ সালে মে মাসে দেশ জুড়ে চালু হয় মোদীর উজ্জ্বলা যোজনা। সেই সময় বছরে ১২টি ভর্তুকিযুক্ত ১৪.২ কেজির সিলিন্ডার পেতেন গ্রাহকেরা। গত বছর অগস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় উজ্জ্বলা গ্রাহকেরা বছরে ৯টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন। এ বার সেই সংখ্যা কমিয়ে চারটি করা হল।

Advertisement

দিন দুয়েক আগে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৯ টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। এই নিয়ে তিন মাসে দ্বিতীয় বার রান্নার গ্যাসের দাম বেড়েছে। রবিবার থেকে কলকাতায় সিলিন্ডারপিছু গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৬৮ টাকা। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়, দেশের পরিবারগুলি এখনও কম দামে রান্নার গ্যাস পাচ্ছে। তুলনায় পড়শি দেশ এবং বহু উন্নত দেশে রান্নার গ্যাসের দাম এ দেশের তুলনায় অনেকটাই বেশি। তারা আরও জানায়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এক জন গ্রাহক ১৪.২ কেজি রান্নার গ্যাস পাচ্ছেন ৬৪২ টাকায়। তার পরের দিনই উজ্জ্বলা যোজনায় বার্ষিক সিলিন্ডারপ্রাপ্তির সংখ্যা কমাল কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement