(বাঁ দিকে) ফরমান খান, (ডান ডিকে) মোনালিসা ভোসলে। ছবি: সংগৃহীত।
গত মাসেই কেরলের তিরুঅনন্তপুরমে বিয়ে সেরেছিলেন ‘মহাকুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসা। সমাজমাধ্যমে আলাপ হওয়া মহারাষ্ট্রের যুবক ফরমান খানকে বিয়ে করেন তিনি। তখন তাঁর পরিবারের বক্তব্য ছিল যে, মোনালিসা অপ্রাপ্তবয়স্ক। কিন্তু তাদের অভিযোগ ছিল, মোনালিসা তাঁর প্রয়োজনীয় নথি দেখিয়ে ‘প্রমাণ’ করার চেষ্টা করেন যে তিনি অপ্রাপ্তবয়স্ক নন। উল্টে তাঁর পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। এ ছাড়াও মোনালিসার বিয়েকে কেন্দ্র করে ওঠে ‘লভ জিহাদ’-এর বিতর্কও। এ বার মোনালিসা নাকি মা হতে চলেছেন, দাবি স্বামী ফরমানের।
মোনালিসার মায়ের অভিযোগ ছিল, মোনালিসার জন্মের ভুয়ো শংসাপত্রটিকে ব্যবহার করে তাঁকে বিয়ে করেছেন ফরমান। এর জেরে তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা করে মোনালিসার পরিবার। পুলিশ তলব করে মোনালিসাকে। তাঁর রেকর্ড বয়ান করার জন্য হাজিরা দেওয়ার কথা ছিল। তার মধ্যেই মোনালিসার স্বামী ফরমান জানান, তিনি নাকি অন্তঃসত্ত্বা। তাই এই মুহূর্তে মোনালিসা জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে পারবেন না।
তবে ফরমানের দাবি আদৌ কতটা সত্যি, তার তদন্তে নেমেছে পুলিশ। এ দিকে, মাঝে কয়েক দিন মোনালিসা নিখোঁজ ছিলেন বলেই দাবি করেন তাঁর স্বামী। যদিও ফের কোথা থেকে স্ত্রীকে খুঁজে বার করলেন সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি তিনি। এ বার ফরমানের করা দাবি ও মোনালিসার পরিবারের করা দাবি সত্যি প্রমাণিত হলে আগামী দিনে তাঁর স্বামী যে বিপাকে পড়বেন তা বলাই বাহুল্য।