সুজয় হাজরা।— ফাইল চিত্র।
জমি কেলেঙ্কারিতে নাম জড়াল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার। শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতাকে শালবনি থানায় ডাকা হয়েছিল। রাতে তাঁকে গ্রেফতার করে হয়েছে পুলিশ সূত্রে খবর।
কয়েক দিন আগে বালি মাফিয়াদের যোগসাজশের অভিযোগে কেশিয়াড়ির তৃণমূল নেত্রী কল্পনা শিটকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। পুলিশের একটি সূত্রে খবর, সেই সময় কল্পনা জানিয়েছেন সুজয়-সহ জেলার বেশ কয়েক জন তৃণমূল নেতার নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। তাঁদের বাদ রেখে কেন তাঁকে গ্রেফতার করা হল।
কাকতালীয় ভাবে সুজয়কে জমি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় তাঁর গ্রেফতারির খবর মেলে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘জমি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছিল সুজয় হাজরার বিরুদ্ধে। শুক্রবার শালবনি থানায় একটি জমি কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য শালবনি থানায় ডেকে পাঠানো হয়েছিল অভিযুক্তকে। তদন্ত চলছে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’’
পশ্চিম মেদিনীপুর জেলায় সুজয় হাজরা পরিচিত নাম। গত বুধবার তৃণমূল থেকে জেলা সংগঠন ভেঙে দেওয়ার আগে পর্যন্ত তিনি ওই দলের জেলা সভাপতি ছিলেন। এ বার পশ্চিম মেদিনীপুরে ১৫টি বিধানসভা আসনের মধ্যে ১৩টিতে হেরেছে তৃণমূল। পরাজিতদের মধ্যে রয়েছেন সুজয়ও। প্রায় ৩৮ হাজার ভোটে পরাস্ত হন তিনি।
ভোটের আগে মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্যগোপনের অভিযোগ করে বিজেপি। তাঁর প্রার্থিপদ বাতিলের দাবি তোলা হয়। তিনি ব্যবসায়িক সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী, বর্তমান বিধায়ক শঙ্কর গুছাইত।