India vs Afghanistan

শতরান হাতছাড়া করেও আক্ষেপ নেই, গম্ভীরের একটি কথাই বদলে দিয়েছে মানসিকতা, উত্তেজনায় ফুটছেন সাই সুদর্শন

শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে সাই সুদর্শন ৮১ রান করে আউট হয়েছেন। প্রথম বার শতরানের এত কাছে এসে হাতছাড়া হওয়া সত্ত্বেও সাইয়ের মুখে হাসি। তিনি জানালেন, গম্ভীরের কথাই তাঁর মানসিকতা বদলে দিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ২২:২২
Share:

সাই সুদর্শন। ছবি: পিটিআই।

ভারত-আফগানিস্তান টেস্ট শুরু হওয়ার আগের দিন, শুক্রবারই কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন, তিন নম্বরে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভাবা হচ্ছে সাই সুদর্শনকে। শনিবার সাই ৮১ রান করে আউট হয়ে যান। প্রথম বার শতরানের এত কাছে এসে হাতছাড়া হওয়া সত্ত্বেও সাইয়ের মুখে হাসি। তিনি জানালেন, গম্ভীরের কথাই তাঁর মানসিকতা বদলে দিয়েছে।

Advertisement

ম্যাচের পর সাই বলেছেন, “অনেক স্বাধীনতা নিয়ে ব্যাট করেছি। যখন কোচ, দল এবং অধিনায়ক এ ভাবে পাশে থাকেন তখন ভাল খেলার তাগিদ অনেক বেড়ে যায়। ওরা চায় আমি ভাল খেলি এবং দেশকে জেতাই। তাই আমার কাছে গম্ভীরের কথাগুলো সম্মানের। নিজেকে মেলে ধরার স্বাধীনতা পেয়েছি। পরের ম্যাচ খেলব কি খেলব না, এ সব না ভেবে অনেক খোলামনে খেলতে নামা যায়।”

দ্বিতীয় উইকেটে কেএল রাহুলের সঙ্গে সাইয়ের ১৩৯ রানের জুটি ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে। সেই জুটি প্রসঙ্গে তিনি বলেছেন, “পিচ এবং পরিস্থিতি বুঝে ব্যাট করাই আমাদের দু’জনের আসল উদ্দেশ্য ছিল। কে কী ভাবে বল করছে সেটা জানাও দরকার ছিল। কেএল ভাই খুব শান্ত। ওর সঙ্গে ব্যাট করলে অনেক স্বচ্ছন্দে খেলা যায়। ব্যাটার হিসাবে আমার অনেক উপকার হয়। কারণ রাহুল ভাই পরিস্থিতি ভাল বুঝতে পারে। অনেক পরামর্শ দেয় যেগুলো আমি কাজে লাগাতে পারি।”

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে স্পিনারদের বিরুদ্ধে খেলতে সমস্যা হয়েছিল ভারতের। আফগানিস্তানের বিরুদ্ধে সমস্যা কাটানো গিয়েছে। সাই বলেছেন, “আমরা স্পিন কেমন খেলতে পারি, কতটা পরিস্থিতি বুঝতে পারি এবং কী ভাবে রান করতে পারি সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ব্যক্তিগত ভাবে, আমি নিজের দক্ষতা এবং বিশ্বাসের উপরে জোর দিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement