Lionel Messi Event in Kolkata

১৪ দিন সময় চেয়েছিলেন, মেসি-কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আবার পরের সপ্তাহে তলব পুলিশের

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় সমালোচিত হয় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপের ভূমিকা। বিতর্কের মধ্যেই ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ২২:২২
Share:

যুবভারতীতে লিয়োনেল মেসির সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। — ফাইল চিত্র।

মেসি-কাণ্ডে আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে ১৪ দিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু দু’দিনের মাথায় শনিবার আবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দিল। ৮ জুন, আগামী সোমবার অরূপকে তলব করা হয়েছে।

Advertisement

যুবভারতীতে লিয়োনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। অভিযোগ উঠেছিল, যুবভারতীতে আর্জেন্টিনা-তারকাকে ঘিরে ছিলেন অনেকে। আর সেই কারণে হাজার হাজার টাকার টিকিট কেটে এসেও মেসিকে দেখতে পাননি দর্শকেরা। সেই ঘটনায় সমালোচিত হয় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপের ভূমিকা নিয়ে। বিতর্কের মধ্যেই ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। যুবভারতী কাণ্ডে ওই মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তিনি জামিনে মুক্ত।

জেল থেকে বার হওয়ার পর অরূপ-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। অরূপদের বিরুদ্ধে বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় এফআইআর হয়। সেগুলি হল— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। সেই এফআইআরের পরই যুবভারতী-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে তলব করেছিল পুলিশ। যদিও বৃহস্পতিবার হাজিরা দেননি অরূপ।

Advertisement

এফআইআর দায়ের হওয়ার পরই কলকাতা হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিল অরূপ। আগামী ৯ জুন অরূপের জামিন-মামলার শুনানি রয়েছে। এক সূত্রের দাবি, সেই শুনানির দিকে তাকিয়েই সময় চেয়েছিলেন অরূপ। যদিও তার আগেই আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement