অশোক ভট্টাচার্য। — ফাইল চিত্র।
নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে শিলিগু়ড়ির এক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে।
শনিবার নিজের বাড়িতে পড়ে যান শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র। পরিবার সূত্রে খবর, মাথা ফেটে যায় তাঁর। বেশ কয়েকটি সেলাই পড়ে। পরে এই প্রবীণ সিপিএম নেতাকে মাটিগাড়া সংলগ্ন অন্য একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যান করানো হয়েছে অশোকের। শুধু তা-ই নয়, আরও যাবতীয় বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষাও হয় তাঁর। পরীক্ষার রিপোর্টে উদ্বেগের কিছু নেই বলে সূত্রের খবর। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ওই বর্ষীয়ান নেতা।
এ প্রসঙ্গে বামফ্রন্টের জেলা আহ্বায়ক জীবেশ সরকার জানান, অশোকের অবস্থা স্থিতিশীল। মাথার সামনে ছ’টা সেলাই পড়েছে। তবে কোনও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি৷ হৃদ্যন্ত্রও স্বাভাবিক রয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে।