মণি রত্নমের আগামী ছবিতে বিজয় সেতুপতি এবং সাই পল্লবী জুটি! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পরিচালক মণি রত্নমের ছবিতে আবার অভিনয় করতে চলেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। ২০১৮ সালে ‘চেক্কা চিভান্থা ভানাম’ ছবিতে মণির সঙ্গে কাজ করেছিলেন বিজয়। সেই ছবিতে অবশ্য চার জন নায়ক ছিলেন। তবে এ বার তিনি জুটি বাঁধছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে।
রোম্যান্টিক ঘরানার ছবিটির সঙ্গীত পরিচালক এআর রহমান। ছবির নামকরণ যদিও চূড়ান্ত হয়নি। মণি রত্নম এবং এ আর রহমানের জুটির হাত ধরেই ‘রোজ়া’, ‘বম্বে’, ‘দিল সে’, ‘পন্নিয়িন সেলভান’-এর মতো সিনেমা উপহার পেয়েছিলেন দর্শক। আবার এমনই জাদুর অপেক্ষায় সকলে।
দক্ষিণী অভিনেতা বিজয় এখন বলিউডেও বেশ পরিচিত মুখ। শুধু সিনেমা নয়, ওয়েব সিরিজ়েও দেখা গিয়েছে তাঁকে। বিজয়ের হাতে এখন একাধিক কাজ। অভিনেতা জানিয়েছেন, ‘‘আমার হাতে এখন যে ক’টা কাজ আছে, প্রত্যেকটি দারুণ!’’ ‘স্লামডগ-৩৩ টেম্পল রোড’-ছবিতে কাজ করছেন অভিনেতা। থ্রিলারধর্মী এই ছবির টিজ়ারও মুক্তি পেয়েছে। তাঁর হাতে মণি রত্নমের ছবি ছাড়াও আরও কয়েকটি কাজ রয়েছে। সাই পল্লবী এবং আমির খানের ছেলে জুনেদ খান অভিনীত ‘এক দিন’ ছবির মুক্তিও আসন্ন। ছবিটি প্রযোজনা করেছেন আমির খান।
যদিও, গত বছর কমল হাসন অভিনীত মণি রত্নমের ছবি ‘থাগ লাইফ’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে ফের বিজয়-পল্লবীর হাত ধরে ‘রোজ়া’, ‘বম্বে’-এর মতো আবার একটি মিষ্টি প্রেমের ছবির অপেক্ষায় দর্শক।