টেনে আনা হয় মনোজের পরিবারকেও! ছবি: সংগৃহীত।
অভিনেতা মনোজ বাজপেয়ীর ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ ঘোষণার পরেই বিতর্ক শুরু হয়েছিল। ছবির নাম নিয়েই বিতর্কের সূত্রপাত। চলতি বছরের শুরুতে ছবির নাম প্রকাশ্যে আসার পর লখনউয়ে পরিচালক নীরজ পাণ্ডে এবং নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ ছিল, ছবির নাম সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। এই বিতর্কে এ বার মুখ খুললেন মনোজ।
অভিযোগ ছিল, ‘পণ্ডিত’ শব্দটিকে দুর্নীতির সঙ্গে জুড়ে দিয়ে বিশেষভাবে ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করার চেষ্টা করা হয়েছে। পরে নির্মাতারা ক্ষমা চেয়ে ছবিটির নাম পরিবর্তন করতে রাজি হন। বিতর্কের কয়েক মাস পর মনোজ জানান, বিষয়টি এত বড় আকার নেবে, তা তিনি কল্পনাও করেননি। অভিনেতা জানান, তাঁকে নানা হুমকি দেওয়া হয়েছিল। এমনকি, তাঁর পরিবারকেও এই বিতর্কের মধ্যে টেনে আনা হয়েছিল।
সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ ট্রোল করতে শুরু করল, গালিগালাজ করল এবং আমার পরিবারকেও জড়াল, তখন আমার খারাপ লেগেছিল। কারণ, ছবিটি আসলে অন্য একটি বিষয় নিয়ে তৈরি।” অভিনেতার স্পষ্ট বক্তব্য, “এখন সমাজমাধ্যমে মানুষ খুব অধীর। বিষয়টি পুরোপুরি না জেনেই তারা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়ে। আমি এক জন শিক্ষিত মানুষ এবং নতুন কিছু জানার প্রতি আমার আগ্রহ রয়েছে। যারা না জেনে মন্তব্য করে বা নিজেকে শিক্ষিত করার চেষ্টাও করে না, তাদের সঙ্গে তর্ক করার কোনও মানে দেখি না। যারা আপনাকে কাদায় নামাতে চায়, তাদের সঙ্গে কাদায় নামা উচিত নয়।”
বিতর্ক শুরু হওয়ার মাত্র দু’দিনের মধ্যেই নির্মাতারা ক্ষমা চেয়ে নিয়েছিলেন। সেই প্রসঙ্গে মনোজ বলেন, “আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছিল, নাম বদলানো খুব বড় কোনও বিষয় নয়। আমরা সৃজনশীল মানুষ, চাইলে এমন আরও দশটি নতুন নাম বার করতে পারি। সেই নাম গুলিও সমান ভাবে আকর্ষণীয় হবে।”