ছবি: সংগৃহীত।
শুক্রবার রাতে গোটা বলিউড উপস্থিত হয়েছিল অম্বানীদের অনুষ্ঠানে। ৩ এপ্রিল ছিল নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের তিন বছরের পূর্তি অনুষ্ঠান। সেখানেই হাজির গোটা বলিউড। সলমন খান, কিয়ারা আডবাণী থেকে সচিন তেন্ডুলকর— কে নেই? সেখানেই রণবীর কপূরের মা নীতু কপূরের সঙ্গে ঘটল অবাক করা কাণ্ড।
এমনিতে তিনি সদা হাস্যময়ী। ছবিশিকারিদের সঙ্গেও তাঁর ভালই ভাব রয়েছে। শুক্রবারের অনুষ্ঠানে একাই আসেন নীতু। অভিনেত্রীর পরনে বাদামি রঙের কো-অর্ড সেট। তিনি এসে পোজ় দিতে শুরু করলেই ছবিশিকারিরা চিৎকার করতে থাকেন, “দেখুন, আপনার ডুপ্লিকেট!’’ বারকয়েক একই কথা বলেন ছবিশিকারিরা। প্রথম দিকে খেয়াল করেননি নীতু। পরে ছবিশিকারিরা আঙুল দিয়ে দেখান তাঁকে। নীতুর ঠিক উল্টো দিকেই সবুজ রঙের শরীর-চাপা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন এক জন মেয়ে। শোনা যাচ্ছে, তিনি অম্বানী পরিবারের ঘনিষ্ঠ কেউ। তিনিও সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তাঁর চুলের ছাঁট ও নীতুর চুলের ছাঁট পুরোপুরি এক। নীতু তাঁকে দেখেই কাছে ডেকে নেন এবং দু’জনে মিলে একসঙ্গে ছবি তোলেন। এতদিন পর্যন্ত নীতুর নাতনি সমারা সহানীর সঙ্গে তাঁর মিল খুঁজে পেতেন নেটাগরিকেরা। এ বার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক জন।