অভিষেক-ঐশ্বর্যার ১৯ বছরের বিবাহবার্ষিকী, বিয়েতে কত দামের শাড়ি পরেছিলেন নায়িকা? ছবি: সংগৃহীত।
২০০৭ সালের এই দিনেই চারহাত এক হয়েছিল তাঁদের। মুম্বইয়ের জুহু এলাকায় তিলধারণের জায়গা ছিল না। ২০ এপ্রিল, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ১৯তম বিবাহবার্ষিকী। মাঝে, যুগলের সম্পর্ক নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। যদিও শত জল্পনার মাঝেও তাঁদের বিয়ের দিনটি এখনও অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল।
এখন বলিতারকাদের বিয়ে হলে নানা ধরনের ফতোয়া জারি করা হয়ে থাকে। বিয়েতে মুঠোফোন ব্যবহারের নিয়ন্ত্রণ থেকে আরও বিভিন্ন নিয়ম পালন করতেই হয় অতিথিদের। গোপনীয়তা রক্ষার জন্যও অনেক নিরাপত্তার ব্যবস্থা থাকে। সমাজমাধ্যমের রমরমায় ছবি এবং ভিডিয়ো ফাঁস হওয়ার ভয় তো রয়েছেই। যদিও ১৯ বছর আগে ‘সোশ্যাল মিডিয়া’র এত বাড়বাড়ন্ত ছিল না।
বিয়ের দিনে ঐশ্বর্যা-অভিষেক। ছবি: সংগৃহীত।
তখনও ঐশ্বর্যা এবং অভিষেকের বিয়ে হয়েছিল কড়া ঘেরাটোপের মধ্যে। অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র সামনে ভিড় সামলাতে কাহিল হয়ে গিয়েছিলেন সবাই। তাঁদের বিয়ের অনেক ছবি যে প্রকাশ্যে এসেছিল, তা নয়। কিন্তু শোনা যায়, ঐশ্বর্যা নিজের বিয়েতে যে শাড়ি পরেছিলেন, সেই দাম শুনে নাকি এখনও মানুষের চোখ কপালে ওঠে।
অভিষেক-ঐশ্বর্যার দাম্পত্য নিয়ে বিপুল আলোচনাও হয়েছে। ছবি: সংগৃহীত।
তারকাজুটির বিয়েতে এলাহি আয়োজন হয়েছিল। কলকাতা থেকে গিয়েছিল বিয়ের বেশ কিছু উপহার। শোনা যায়, বিয়েতে নীতা লুল্লার ডিজ়াইন করা শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন নায়িকা। সেই সময়ে দাঁড়িয়ে সেই শাড়ির দাম ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা। নতুন প্রজন্মের অনেক নায়িকার সাজকে টেক্কা দিতে পারে ঐশ্বর্যার ১৯ বছর আগের সেই ‘লুক’। সোনা আর হিরের গয়নায় সেজেছিলেন নায়িকা। অমিতাভ এবং জয়া বচ্চন যে মঙ্গলসূত্র পুত্রবধূকে উপহার দিয়েছিলেন, তার দামও নাকি ছিল প্রায় ৪৫ লক্ষ।
শোনা যায়, বিয়ের এতগুলো বছর পরে শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যার সম্পর্কের সমীকরণ কিছুটা বদলেছে। যদিও সেই সব আলোচনার মাঝে এখন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে সুখের সংসার ঐশ্বর্যা এবং অভিষেকের।