রোগা হওয়ার বিড়ম্বনা ছবি: সংগৃহীত।
অভিনেতাদের ক্ষেত্রে তাঁদের শরীরের গড়ন খুবই গুরুত্বপূর্ণ অংশ। বিশেষত অভিনয় করার ক্ষেত্রে শরীরকে ছিপছিপে রাখার মরিয়া চেষ্টা থাকে শিল্পীদের। কিন্তু রোগা হওয়ার জন্যই নাকি কাজ খোয়াতে হয় স্টুডিয়োপাড়ার আলোচিত এক অভিনেতাকে! তিনি যেমন নাটকের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন বহু বছর ধরে, তেমনই বড়পর্দা, ছোটপর্দা সর্বত্র তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক।
বহু বছর হয়ে গিয়েছে তাঁর অভিনয়জীবন। মাঝে ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। তাই অভিনেতার নিজেরই নিজেকে ক্যামেরায় দেখতে ভাল লাগছিল না। এক বছর ধরে কঠিন পরিশ্রম করে একেবারে ছিপছিপে গড়নে ফিরে গিয়েছেন। কিন্তু ওজন ঝরিয়ে যে তিনি কাজ হারাবেন তা ভাবেননি। টলিপাড়ার অন্দরের আলোচনা, অভিনেতার চেহারার গড়ন ছিপছিপে হওয়ার জন্যই নাকি একটি নির্দিষ্ট চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি।
শোনা যাচ্ছে, একটি নতুন ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য সেই অভিনেতাকে বলা হয়েছিল। সেই কথা অনুযায়ী লুক সেটও হয়ে গিয়েছিল। কিন্তু তার পরেও নাকি বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে। শুধুমাত্র তিনি রোগা হয়েছেন বলে। সেই অভিনেতার পরিবর্তে ওই চরিত্রে দেখা যাচ্ছে অন্য এক আলোচিত অভিনেতাকে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, সেই নির্দিষ্ট চরিত্র থেকে বাদ পড়ায় মনে মনে খুবই কষ্ট পেয়েছেন সেই অভিনেতা।