‘আন্তর্জাতিক যোগ দিবস’ উপলক্ষে শুক্রবার মহাকরণের সামনে যোগাসন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সঙ্গে ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরাও। ছবি: সমাজমাধ্যম।
কিছুটা হেঁটে এবং কিছুটা দৌড়ে আন্তর্জাতিক যোগ দিবসের আগে যোগ-ম্যারাথনে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। শুক্রবার ভোরে কলকাতা পুরসভার সামনে থেকে মহাকরণ পর্যন্ত ওই ম্যারাথনটির আয়োজন করা হয়েছিল। মহাকরণের সামনে গিয়ে যোগাভ্যাসের পরে কর্মসূচি শেষ হয়। ম্যারাথনে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, ক্রীড়া এবং যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, লিয়েন্ডার পেজ়-সহ অনেকে।
এ দিন আরও ১১ টি জায়গায় এমন কর্মসূচি পালিত হয় সরকারি তরফে। আজ, শনিবার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট এবং মিলেনিয়াম পার্ক সংলগ্ন নদীপাড়ে সরকারের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদীবক্ষে প্রায় পাঁচশো নৌকোয় যোগ প্রদর্শিত হবে। প্রায় তিন হাজার ড্রোনের মাধ্যমে আলো-শোয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামিকাল, রবিবার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর উপস্থিতিতে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কাল পাঁচশো নৌকোয় যোগের বিশেষ প্রচার হবে। রবিবার ভারত সরকারের প্রধান কর্মসূচিই হবে আমাদের এই কলকাতায়। গত ১১ বছরে হওয়া যোগ দিবসের সব রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা নতুন রেকর্ড গড়বে। রাজ্যে এবং কলকাতার যেখানে আপনারা সুযোগ পাবেন, সেখানে যোগাভ্যাস করুন। ১৪৫টা ওয়ার্ডে প্রায় ১০ লক্ষ মানুষ এই কর্মসূচিতে যোগ দেবেন।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে