Prosenjit Announced Anirban's Returning?

‘খুব শিগগিরিই প্রবীর-পোদ্দার ফিরছে’, অনির্বাণকে পাশে নিয়ে ঘোষণায় প্রসেনজিৎ! কবে ফিরছেন?

আনন্দবাজার ডট কম প্রথম জানিয়েছিল, ফেডারেশনের সঙ্গে সন্ধি হতে পারে অনির্বাণের। ‘নিষিদ্ধ’ তকমা উঠতে পারে অভিনেতার উপর থেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:২২
Share:

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-অনির্বাণ ভট্টাচার্য জুটি ফিরছে? ছবি: ফেসবুক।

শীঘ্রই অভিনয়ে ফিরছেন ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্য? এ রকম সম্ভাবনার কথা একাধিক বার জানিয়েছে আনন্দবাজার ডট কম। কখনও দেবের পুজোর ছবিতে তাঁর থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে, কখনও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে অভিনেতার সন্ধির পূর্বাভাস দিয়ে।

Advertisement

শনিবার রাতে রূপম ইসলাম আয়োজিত সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সে সম্ভাবনায় সিলমোহর দিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! তারকাখচিত উদ্‌যাপনে আমন্ত্রিতদের মধ্যে অন্যতম অনির্বাণকে পাশে নিয়ে প্রসেনজিতের ঘোষণা, “খুব শিগগিরিই ফিরছে প্রবীর-পোদ্দার।” প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দশম অবতার’ ছবিতে ‘প্রবীর’ এবং ‘পোদ্দার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন যথাক্রমে প্রসেনজিৎ এবং অনির্বাণ। এই ছবিতে তাঁর আর প্রসেনজিতের জুটি দর্শক প্রশংসিত।

যাঁকে নিয়ে এত আলোচনা, সেই অনির্বাণ কিন্তু নীরব! কেন এই নীরবতা? কবে ফিরছেন তিনি?

Advertisement

অবশেষে আনন্দবাজার ডট কম-এর কাছে মুখ খুলেছেন তিনি। অনির্বাণ বলেছেন, “এ বিষয়ে আমার কোনও ধারণা নেই!” প্রসেনজিৎ কি তা হলে ওই মুহূর্তে ‘কথার কথা’ বলেছেন? অভিনেতার কথায়, “ইন্ডাস্ট্রির সকলেই চান, আমি কাজে ফিরি। বুম্বাদা আগেও বলেছেন সংবাদমাধ্যমের সামনে। কালকেও যখন সাক্ষাৎ হয়েছে, তখনও বলেছেন। তা ছাড়া ‘প্রবীর-পোদ্দার’ জুটি মানুষের খুবই ভালবাসা পেয়েছিল।” অভিনেতার ধারণা, সেখান থেকেই বাংলা বিনোদনদুনিয়া, তিনি এবং প্রসেনজিৎ-- সবাই চান অনির্বাণ কাজে ফিরুন। তবে কত তারিখ বা কোন সময়ে তিনি ফিরছেন, এ ব্যাপারে কিছুই জানেন না অভিনেতা। তাই নির্দিষ্ট দিনক্ষণ তার পক্ষে বলা সম্ভব নয়।

প্রসেনজিৎ যখন এই ঘোষণা করছেন, তখন অনির্বাণের মুখে চওড়া হাসি। কিন্তু তিনি কোনও কথা বলেননি। একই ভাবে প্রসেনজিৎকে যাঁরা জানেন, তাঁরা এটাও জানেন, বেফাঁস কথা বলার মানুষ তিনি নন। তার উপরে প্রসেনজিৎ যখন এ কথা বলছিলেন, তখন তাঁর আর অনির্বাণের উল্টো দিকে সাংবাদিকদের ঢল। ক্যামেরা ‘ফোকাসড’ তাঁদের উপরে। পরে মুঠোফোনে বন্দি সেই মুহূর্ত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও। রূপম ইসলাম পর্যন্ত যোগ দিয়েছেন সেই আলোচনায়। হাসতে হাসতে বলেছেন, “আমি যেন বাদ না পড়ি। আমি যেন থাকি।” প্রসঙ্গত, সৃজিতের ওই ছবির একটি গান গেয়েছিলেন রূপম।

দেব এর আগে সাংবাদিকদের সামনে অনির্বাণের হয়ে ক্ষমা চেয়েছেন। তাঁকে কাজে ফিরিয়ে নেওয়া হোক, বার্তা দিয়েছেন। পুজোর ছবির নামঘোষণার সময় দেবের সঙ্গে শুভশ্রীও একই আবেদন জানিয়েছেন। পরে আনন্দবাজার ডট কম-এর কাছে অনির্বাণের সমর্থনে বক্তব্য জানিয়েছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীও। এ বার প্রসেনজিতের সরাসরি ঘোষণা তাই আশা জাগিয়েছে অনির্বাণের অনুরাগী এবং বাংলা বিনোদনদুনিয়ার সবার মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement