ভাইঝির বিয়েতে রাজপালের নাচ। ছবি: সংগৃহীত।
ভাইঝির বিয়েতে উপস্থিত থাকতে চেয়ে জামিনের আর্জি করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। অন্তর্বর্তী জামিন পেয়ে তিহাড় জেল থেকে মঙ্গলবার মুক্তি পেয়েছেন অভিনেতা। পৌঁছে গিয়েছেন নিজের গ্রামে, মেতে উঠলেন বিয়ের অনুষ্ঠানে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে।
৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পেরে তিহাড় জেলে বন্দি ছিলেন রাজপাল। বাড়িতে ভাইঝির বিয়ে, সেখানে উপস্থিত থাকতে চেয়ে আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছিলেন। শর্তসাপেক্ষে সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। ১২ দিন তিহাড় জেলে থাকার পরে মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়ে রাজপাল সোজা পৌঁছে যান শাহজহানপুরে, নিজের গ্রামে। সেখানেই ভাইঝির ‘মেহেন্দি’ অনুষ্ঠানে প্রাণখুলে নাচতে দেখা গেল তাঁকে। একদিকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান, অন্যদিকে জেল থেকে কিছু দিনের জন্য হলেও মুক্তি পেয়েছেন রাজপাল— ফলে জোড়া উদ্যাপনের আবহ। অভিনেতার পাশে তাঁর স্ত্রীকেও দেখা গেল উৎসবে মাততে। তাঁদের দু’জনের পাশাপাশি ছিলেন পরিবারের অন্যরাও। নাচে মাতেন কনেও।
ছাড়া পেয়েই জেল সংস্কারের দাবি তুলেছেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘জেলে আধুনিকীকরণের প্রয়োজন। একই সঙ্গে রেলস্টেশন ও বিমানবন্দরের মতো ধূমপানের জন্য পৃথক ঘরের প্রয়োজন।’’ অভিনেতা বুধবার জানান, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে যেমন ‘লাইফ লাইন’-এর সুবিধে রয়েছে, অন্তত ১০ শতাংশ বন্দিদেরও এমন ‘লাইফ লাইন’ পাওয়ার সুযোগ দেওয়া উচিত। এই অংশটুকুও যদি মুক্তি পায় বা পুনর্বাসিত হয়, তা হলে ওরা আমাদের দেশের জন্য শক্তি হয়ে দাঁড়াতে পারে।