রাকেশ বেদী। ছবি: সংগৃহীত।
গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির প্রথম পর্ব। তিন মাস পরে ছবিটির দ্বিতীয় পর্ব মুক্তি পেলে জামিল জামালি চরিত্রটি প্রশংসিত হয় সর্বত্র। তাঁর সংলাপে ছেয়ে যায় সমাজমাধ্যম। কখনও মজার, কখনও আবার গুরুগম্ভীর সেই ধূসর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন রাকেশ। অনেকেই বলাবলি শুরু করেন, তিনি নাকি এই ছবির ‘লাকি চার্ম’। এ বার শোনা যাচ্ছে, ছবির বিপুল সাফল্যের পরে নাকি কোটি কোটি টাকা ঢুকছে রাকেশের অ্যাকাউন্টে।
ভারতে ‘ধুরন্ধর ২’ ছবিটি এখনও পর্যন্ত ১,১৩২ কোটি টাকার ব্যবসা করেছে। হঠাৎই শোনা যায়, ছবির এমন সাফল্যে খুশি হয়ে প্রযোজকেরা নাকি রাকেশকে আরও এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাকেশ এক সাক্ষাৎকারে নিজেই জানান, ছবির শেষ দিনের শুটিংয়ে রণবীর সিংহ নাকি নিজে বলেন, ‘‘এই ছবি যদি ১০০০ কোটি টাকার ব্যবসা করে, তার ৫০০ কোটিই হবে রাকেশজির জন্য।’’
তা হলে সত্যিই কি অভিনেতাকে আরও এক কোটি টাকা দেওয়া হয়েছে? রটে যাওয়া খবর কি তবে সত্যি? এই প্রসঙ্গে রাকেশের পাল্টা প্রশ্ন, ‘‘কোথায় এত টাকা পাওয়া যাচ্ছে? লোকে বলছেন, আমাকে নাকি বাড়তি টাকা দেওয়া হচ্ছে! তা হলে কোথায় সেই টাকা? কার অ্যাকাউন্টে যাচ্ছে সেই টাকা? আমিই গিয়ে নিয়ে আসি।’’ অর্থাৎ রসিকতা করেই এই কোটি টাকার ঢোকার দাবি নস্যাৎ করেছেন রাকেশ।