(বাঁ দিকে) জ্যাকি ভগনানী, (ডান ডিকে) রকুল প্রীত সিংহ। ছবি: সংগৃহীত।
ইদানীং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক ধরনের পোশাকি শব্দ ব্যবহার করা হয়। যেমন ‘সিচুয়েশনশিপ’, ‘বেঞ্চিং’, ‘ব্রেড ক্রাম্বিং’ ইত্যাদি। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে জ্যাকি ভগনানী তাঁদের দাম্পত্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে ‘সিচুয়েশনশিপ’ শব্দটি ব্যবহার করেছেন। তাতেই তৈরি হয়েছে বিতর্ক। আলোচনা শুরু হতেই পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় রকুল প্রীত সিংহকে। খুব শীঘ্রই তাঁর ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’ মুক্তি পাবে। তার প্রচারে এসে দাম্পত্যে প্রতারণার সপক্ষেই কথা বললেন রকুল!
তাঁদের প্রায় দীর্ঘ ১০ বছরের সম্পর্ক। তার পরে, ২০২৪ সালে গোয়ায় বিয়ে হয় রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভগনানীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, ‘‘বিয়ের পরেও আমরা সিচুয়েশনশিপে আছি।’’ জ্যাকির এই কথা থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও পরে লাইভে এসে রকুল জানান, তাঁর স্বামী ‘জ়েন-জ়ি’দের কথা বলার ধরন নকল করতে গিয়ে ভুল কথা বলে ফেলেছেন। এ বার নিজের ছবির প্রচারে এসে রকুল বলেন, ‘‘সম্পর্কে এক বার প্রতারণা ক্ষমা করে দেওয়াই উচিত। কারণ, জীবনটা অনেক বড়।’’
রকুলের সঙ্গে থাকা সারা আলি খান অবশ্য এতে সম্মতি দেননি। অন্য দিকে, এই ছবির নায়ক আয়ুষ্মান খুরানা বলেন, ‘‘বিবাহিত জীবনের বেশ কিছু নিয়ম থাকে। তবে প্রাথমিক ভাবে প্রতারণা মানা যায় না।’’ তখনই নিজেকে খানিকটা গুছিয়ে নিয়ে রকুল যুক্তি দেন, যদি সত্যি কারও থেকে কোনও একটা ভুল হয়ে থাকে তবে সেই ভুলটা ক্ষমা করে দেওয়ার জন্য সারা জীবন ব্যয় করে দেওয়া ঠিক নয়। একই সঙ্গে রকুল জানান, এর কোনওটাই তাঁর বিবাহিত জীবনের ক্ষেত্রে খাটে না। কারণ, তিনি নিজের সম্পর্ক নিয়ে সুখে আছেন।