(বাঁ দিকে) উর্মিলা মাতন্ডকর, (ডান দিকে) রামগোপাল বর্মা। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রামগোপাল বর্মা। একাধিক অপরাধ ঘরানার ছবি তৈরি করেছেন তিনি, যা বক্সঅফিসে সফল। একাধিক নায়িকাকে তৈরি করেছেন তিনি, যাঁদের মধ্যে অন্যতম ঊর্মিলা মাতোন্ডকর। ১৯৯৫ সালে ‘রঙ্গীলা’ মুক্তি পায়। ঊর্মিলা আর পরিচালককে নিয়ে শুরু হয় আলোচনা। রামগোপাল সেই সময় ‘সত্যা’ থেকে ‘দৌড়’, ‘কৌন’, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’র মতো পর পর ছবিতে ঊর্মিলাকে নায়িকা করছেন। সেটা কি প্রেমের টানেই? ২৮ বছর পরে মুখ খুললেন রামগোপাল।
ঊর্মিলাকে বলা হত পরিচালকের ‘ব্লু-আইড গার্ল’। একের পর এক ছবিতে ঊর্মিলাকে নায়িকা করতেই পরিচালকের সংসারেও নাকি খুব অশান্তির সৃষ্টি হয়েছিল। রামগোপালের স্ত্রী নাকি জানতে পেরে যান পরিচালকের সঙ্গে নায়িকার সম্পর্কের কথা। এত আলোচনার পরেও মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। রামগোপাল বলেন, ‘‘যদি সত্যিই কিছু থাকত, তা হলে না বলার কী ছিল? এমনিতেই এ সবের পরে ২৮ বছর পেরিয়ে গিয়েছে। এত দিন আগের কোনও ঘটনা নিয়ে কথা বলতে চাই না। আমি সব সময় অস্বীকার করেছি এই কথা, এখনও তা-ই করব।’’
এক সময়ে শোনা গিয়েছিল, অভিনেত্রীর কারণেই নাকি স্ত্রীর থেকে আলাদা থাকতে শুরু করেছেন রামগোপাল। যদিও পরিচালক বার বার জানিয়েছেন, ঊর্মিলার কারণে তাঁর সংসার ভাঙেনি। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনতে যদিও রাজি হননি তিনি। রামগোপাল যেমন মুখে কুলুপ আঁটেন, তেমনই ঊর্মিলাও কখনও পরিচালককে নিয়ে একটা শব্দও খরচ করেননি। যদিও ঊর্মিলার কেরিয়ারের একাধিক হিট্ ছবির পরিচালক রামগোপালই।