শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেটে শেষ সূর্যকুমার যাদব যুগ। জল্পনা মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে দল থেকে ছেঁটে ফেললেন অজিত আগরকরেরা। ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন শ্রেয়স আয়ার। শনিবার আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেছে নেওয়া হয়েছে আগামী এশিয়ান গেমসের দলও।
মুম্বই বোর্ডের সদর দফতরে বৈঠকে বসেন জাতীয় নির্বাচকেরা। ছিলেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়াও। সেই বৈঠকেই দীর্ঘ দিন ফর্মে না থাকা সূর্যকুমারকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর পড়ল। প্রথম বার ভারতীয় দলে সুযোগ পেল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলে কমলা টুপি জেতার পরই বৈভবকে নিয়ে আলোচনা শুরু হয়। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ বৈভবকে ভারতীয় দলে নেওয়ার দাবি তোলেন। শেষ পর্যন্ত শনিবার ঘোষিত তিনটি দলেই রাখা হয়েছে তাকে। দেশের হয়ে মাঠে নামলেই বৈভব ভেঙে দেবে সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন। শনিবার বৈভবের বয়স ১৫ বছর ৭১ দিন।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল সূর্যকুমারের পরিবর্তে শ্রেয়সকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হবে। আইপিএলে অধিনায়ক হিসাবে সাফল্যই শ্রেয়সকে এগিয়ে রেখেছিল নেতৃত্বের দৌড়ে। তাঁকেই নতুন অধিনায়ক করা হল। শোনা যাচ্ছিল, অধিনায়ক হিসাবে শ্রেয়সকে পছন্দ নয় কোচ গৌতম গম্ভীরের। তাঁর আপত্তি শেষ পর্যন্ত আমল পায়নি। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হল না শুভমন গিলের। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেও দলে ফিরতে পারলেন না শুভমন। তিনটি দলের কোনটিতেই রাখা হয়নি ভারতের টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ককে। এশিয়ান গেমসের জন্যও ১৫ জনের শক্তিশালী দল নির্বাচন করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে। উল্লেখ্য, গত বার সোনা জিতেছিল ভারত।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের জন্য বাছা হয়েছে ১৬ জনের দল। এই দলে নতুন মুখ হিসাবে বৈভব ছাড়াও রয়েছে প্রিন্স যাদব। আইপিএলের পারফরম্যান্সের নিরিখেই তাঁকে সুযোগ দিয়েছেন জাতীয় নির্বাচকেরা। আইপিএলে ভাল পারফর্ম করলেও জায়গা হয়নি রিঙ্কু সিংহের। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন হার্দিক পাণ্ড্যও। মূলত ভবিষ্যতের দিতে তাকিয়ে দল নির্বাচন করেছেন আগরকরেরা।
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।
এশিয়ান গেমসের দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।