FIFA World Cup 2026

জল্পনার অবসান, বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবল দলকে ভিসা আমেরিকার, অংশগ্রহণ নিয়ে কাটল অনিশ্চয়তা

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ সামরিক হামলা চালায় ইরানে। পাল্টা জবাব দেয় ইরানও। তাতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। অনিশ্চয়তা তৈরি হয় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১১:৪৫
Share:

ইরানের ফুটবল দল। ছবি: এক্স।

জল্পনার অবসান। বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসার আবেদন মঞ্জুর করল আমেরিকা। ফলে আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলার ক্ষেত্রে আর সমস্যা থাকল না পশ্চিম এশিয়ার দেশের। প্রথম ম্যাচের ১০ দিন আগে ভিসা পেল আমেরিকা।

Advertisement

হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ইরানের দলের সকলের ভিসা মঞ্জুর করা হয়েছে। আমেরিকায় আসতে কারও সমস্যা হবে না। বেশ কিছু দিন আগে আমেরিকার ভিসার জন্য আবেদন করেছিল ইরানের ফুটবল সংস্থা। কিন্তু পশ্চিম এশিয়ায় উত্তেজক পরিস্থিতির আবহে তা আটকে ছিল। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল। আগেই ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে চূড়ান্ত প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়ে গিয়েছেন ইরানের ফুটবল কর্তারা।

আমেরিকা ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের ফুটবল কর্তারা। ফিফা কর্তাদেরও বিষয়টি জানানো হয়। দু’দিন আগে মেক্সিকোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আবুলফজ়ল পাসান্দিদে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তার দু’দিন পরই ইরানের ফুটবলারদের ভিসা দিল আমেরিকা। উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো।

Advertisement

ট্রাম্প প্রশাসনের এক কর্তা আমেরিকার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আবেদন করার পর প্রয়োজনীয় সব কিছু করে ইরানের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ভিসা দেওয়া হয়েছে। তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। এক জনের আবেদন বাতিল করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এটা ঠিক নয়। বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’’

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েল যৌথ সামরিক হামলা চালায় ইরানে। পাল্টা জবাব দেয় ইরানও। তাতে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে সংঘর্ষ বিরতি চললেও দু’পক্ষের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে। এর ফলেই আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই আমেরিকায় খেলতে হবে ইরানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement