Suvendu Adhikari on Rail Projects

সরকার বদল হয়েছে, আর নেই অসহযোগিতাও! বাংলায় বিপুল লগ্নির আশ্বাস রেলমন্ত্রী অশ্বিনীর, ছুটবে শিলিগুড়ি-দিল্লি বুলেট ট্রেন

শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রেল সেক্টরে ১ লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। অশ্বিনীজি প্রতিশ্রুতি দিয়েছেন। টাকা প্রস্তুত। দ্রুত কাজ হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৪:৪১
Share:

(বাঁ দিকে) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ডান দিকে)। ছবি: পিটিআই।

রাজ্যে সরকার বদলেছে। যা প্রয়োজন, এ বার রেলকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে জমি কিনে রেলের হাতে তুলে দেওয়া হবে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাশে বসিয়ে সে কথাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে রেলমন্ত্রীর সঙ্গে একযোগে কটাক্ষ করলেন পূর্বতন তৃণমূল সরকারকে। মুখ্যমন্ত্রী জানালেন, তাদের অসহযোগিতার কারণেই আটকে ছিল উন্নয়নমূলক প্রকল্প। এ বার সেই সুবিধা পাবেন রাজ্যবাসী। রাজ্যে ইতিমধ্যে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল। আগামী দিনে শিলিগুড়ি থেকে বুলেট ট্রেনে চেপে ছ’ঘণ্টায় পৌঁছোনো যাবে দিল্লি।

Advertisement

রাজ্যে এক মাস আগে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তার পরে প্রথম বার কলকাতায় এসেছেন রেলমন্ত্রী। একটা গোটা দিন তিনি এ রাজ্যকে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পরেই জানিয়েছেন, পূর্বতন সরকারের অসহযোগিতার জন্য রাজ্যবাসী মোদী সরকারের আমলে রেলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু এ বার রেলকে সব রকম সহযোগিতা করবে রাজ্য। রাজ্যবাসী শীঘ্রই ‘ডবল ইঞ্জিন’ সরকারের ফলের স্বাদ পাবেন। শুভেন্দু বলেন, ‘‘জেলাশাসকেরা রাজ্যের লক্ষ্য এবং দর্শন শুনুন, রেলকে গোটা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, কাজ করতে হবে। সরকারের স্পষ্ট নির্দেশ, রেল জমি কিনতে টাকা দেয়। যেখানে দরকার, জমি আমরা কিনে রেলকে দেব।’’ তার পরেই আরও কড়া সুরে বলেন, ‘‘রেল যেমন সহযোগিতা চাইবে, করতে হবে। ক্যালেন্ডার তৈরি করুন, কবে, কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন!’’

শনিবার সকালে কলকাতা মেট্রোয় সফর করেন অশ্বিনী। এর পরে নবান্নে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেন তিনি। শুভেন্দু জানান, তাঁকে নিয়ে চিংড়িহাটা মেট্রোর কাজ দেখতে যাবেন। মুখ্যসচিব মনোজ অগ্রবাল জানিয়েছেন, ৪৮ ঘণ্টায় শেষ হয়েছে চিংড়িহাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের কাজ। রাজ্য সরকারের অনুমোদন মিলছিল না বলে ৭০টি প্রকল্প পড়েছিল। শুভেন্দু এ জন্য পূর্বতন সরকারের মনোভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘‘রেলের সঙ্গে আগের সরকারের যুদ্ধ-যুদ্ধ ভাব ছিল। কেন্দ্র-রাজ্য সম্পর্ক তারা এত খারাপ জায়গায় নিয়ে যায়, সে কারণ বাংলার মানুষ বঞ্চিত। মোদীজি যে উন্নয়ন করেছেন, তা থেকে বাংলার ১১ কোটি মানুষ বঞ্চিত।’’ তার পরেই তিনি বলেন, ‘‘রেল সেক্টরে ১ লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। অশ্বিনীজি প্রতিশ্রুতি দিয়েছেন। টাকা প্রস্তুত। দ্রুত কাজ হবে।’’

Advertisement

আগামী দিনে রাজ্যবাসী কী কী সুবিধা পাবেন, শুভেন্দু এর পরে একে একে তুলে ধরেন। তিনি জানান, দিল্লি থেকে লখনউ, বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে বুলেট ট্রেন। রাজধানী থেকে শিলিগুড়িতে পৌঁছোনো যাবে ছ’ঘণ্টায়। রাজ্যে ১০২টি নতুন অমৃত ভারত স্টেশনের আধুনিকীকরণ হবে। ৫৩৮টি উড়ালপুল, আন্ডারপাস তৈরি হবে। তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘আগের সরকার রেল দফতরের সঙ্গে কথা বলেনি। রেলমন্ত্রী অনেক বার চিঠি দিয়েছেন। ওরা জবাব দেয়নি। সহযোগিতা করেনি।’’ কেন্দ্রে পূর্বতন ইউপিএ সরকারের দিকেও আঙুল তোলেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘২০০৯-২০১৪ সালে মেট্রো এবং বিভিন্ন রেল প্রকল্পে বাংলা পেয়েছিল ৪,৩৮০ কোটি টাকা। মোদীজি বাংলাকে ভালবাসেন। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যে রেলের প্রকল্পের জন্য তিনি দিয়েছেন ১৪,২০৫ কোটি টাকা। ঝুলে থাকা (পেন্ডিং) রেল প্রকল্পে এনওসি দিলে, জমি দিলে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সুযোগ রেলের রয়েছে।’’ শুভেন্দু আরও জানান, ‘ডবল ইঞ্জিন’ সরকার আন্ডারপাসের জন্য ৪০টি এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিয়েছিল। আগামী ৫ বছরে ৬০টি নতুন ট্রেন পাবে রাজ্য।

রেলমন্ত্রী কথা বলার শুরুতেই অভিনন্দন জানিয়েছেন শুভেন্দুকে। তিনি বলেন, ‘‘দেশকে যে ভাবে বাঁচিয়েছেন, বাংলাকে বাঁচিয়েছেন, সেই জন্য তাঁকে অভিনন্দন। এ বার রেলকর্মীরা কাজ করার সুযোগ পাবেন।’’ তার পরেই তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানান, পূর্বতন রাজ্য সরকার প্রকল্পে অনুমোদন দিত না। চিংড়িহাটার কাজ আটকে তারা কোর্টেও গিয়েছিল। হাই কোর্ট নির্দেশ দিলেও তা মানেনি। তাঁর কথায়, ‘‘কলকাতাবাসী যাতে মেট্রোর সুবিধা না পান, তাই ওরা (তৃণমূল সরকার) গিয়েছিল সুপ্রিম কোর্ট। সংসদে আমি ওদের বলেছিলাম বিকাশ-বিরোধী।’’ তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘‘আগামী দিনে অনেক ভাল কাজ হবে। রাজ্যের প্রতি মোদীজির যে ভালবাসা রয়েছে, তার উদাহরণ কলকাতা মেট্রো। ১৯৭২ সালে কাজ শুরু হয়। ৪২ বছরে ২৮ কিলোমিটার পথ ছিল। ২০১৪ সালে ক্ষমতায় এসে ৪৫ কিলোমিটার মেট্রো তৈরি করেছেন মোদীজি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement