Ram Kapoor kiss

‘তিন অভিনেত্রীকে চুম্বন করেছি, ইতিহাস তৈরি হয়েছে’, স্ত্রীর কী প্রতিক্রিয়া, জানান রাম কপূর

‘বড়ে অচ্ছে লগতে হ্যাঁয়’ নামে একটি ধারাবাহিকে সাক্ষী তনওয়ারকে চুম্বন করেছিলেন রাম কপূর। সেই চুম্বন নিয়ে আলোচনা হয়েছিল প্রবল। ছোটপর্দায় এমন চুম্বনদৃশ্য দেখে কী প্রতিক্রিয়া ছিল গৌতমীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৫:৫৫
Share:

রামের চুম্বনে কী বলেছিলেন গৌতমী? ছবি: সংগৃহীত।

সম্পর্কে প্রতারণা নাকি খুব একটা বড় বিষয় নয়। প্রতারণা করলেই বিয়ে ভাঙে না, এমন মন্তব্য করে বিতর্কে রাম কপূর। এর পাশাপাশি পর্দায় চুম্বনদৃশ্য নিয়েও ‘লক আপ সিজ়ন ২’-এ মন্তব্য করেছেন অভিনেতা। নিজেও ছোটপর্দার ধারাবাহিকে চুম্বনদৃশ্যে অভিনয় করেছেন। সেখানে স্ত্রী গৌতমী কপূরের কী প্রতিক্রিয়া ছিল, তা-ও জানিয়েছেন রাম।

Advertisement

‘বড়ে অচ্ছে লগতে হ্যাঁয়’ নামে একটি ধারাবাহিকে সাক্ষী তনওয়ারকে চুম্বন করেছিলেন রাম। সেই চুম্বন নিয়ে আলোচনা হয়েছিল প্রবল। ছোটপর্দায় এমন চুম্বনদৃশ্য দেখে কী প্রতিক্রিয়া ছিল গৌতমীর? জানতে চান ‘লক আপ’-এর আর এক প্রতিযোগী মাধুরী গ্রোভার। উত্তরে রাম বলেন, “স্ত্রীরা যাতে নিরাপদ বোধ করেন, সেটা দেখার দায়িত্ব স্বামীদের। আমি তিন জন অভিনেত্রীকে তিন বার চুম্বন করেছি, ভিন্ন কাজের জন্য। কিন্তু এতে গৌতমীর কোনও আপত্তি ছিল না। কারণ ওকে সব সময়ে আমি নিরাপদ বোধ করাই। ওকে এতটাই ভালবাসা দিই যে, ওর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়নি।”

ভারতের ছোটপর্দায় প্রথম ওষ্ঠচুম্বন তাঁরই, জানান রাম। গর্ব করেই তিনি বলেন, “ভারতের ছোটপর্দায় প্রথম ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন আমিই করেছিলাম। গৌতমী আমাকে তখন বলেছিল, ‘আমাকে গর্বিত করে এসো।’ আমি জানি, ও খুব খুশি হয়েছিল। ইতিহাসে প্রথম বার ওর স্বামী ছোটপর্দায় চুম্বন করছে। তাই আমার স্ত্রীর কোনও দিনই সমস্যা হয়নি।”

Advertisement

২০১১ সালের ধারাবাহিক ‘বড়ে অচ্ছে লগতে হ্যাঁয়’। সেখানে রাম ও সাক্ষীর চুম্বন ঝড় তুলেছিল। দীর্ঘ সময় ধরে চলেছিল সেই চুম্বনদৃশ্য। সেই সময়ে ছোটপর্দার দর্শক এমন দৃশ্য দেখতে অভ্যস্ত ছিল না। তাই একতা কপূর প্রযোজিত এই ধারাবাহিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, প্রতারণা নিয়ে রামের বক্তব্য, কোনও দম্পতি একে অপরকে ভালবাসলেও, কেউ ভুলবশত প্রতারণা করে ফেলতেই পারে। তা হলে সেই বিয়ে ভাঙার কোনও কারণ নেই। এই মন্তব্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। রামকে পুরুষতান্ত্রিক মানসিকতার বলেও অনেকে খোঁচা দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement