Deepika Padukone

‘এত অসম্মান এর আগে কেউ করেনি’, দীপিকার উপর চটেছিলেন প্রযোজক, কী করেছিলেন অভিনেত্রী?

‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার জেরে বিপাকে রণবীর সিংহ। কিন্তু শুধু রণবীর নয়। দীপিকা পাড়ুকোনও এমন বিতর্কে জড়িয়েছিলেন। সেই ঘটনা ফের উঠে এসেছে আলোচনায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৯:১৬
Share:

প্রযোজককে অসম্মান করেছিলেন দীপিকা? ছবি: সংগৃহীত।

রণবীর সিংহকে নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। ‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার জেরে বিপাকে রণবীর সিংহ। কিন্তু শুধু রণবীর নয়। তাঁর স্ত্রী তথা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও বিতর্কে জড়িয়েছিলেন আগে। সেই ঘটনা ফের উঠে এসেছে রণবীরকে নিয়ে চলতি এই আলোচনার মধ্যেই।

Advertisement

‘রেস ২’ ছবিতে অভিনয় করছিলেন দীপিকা। ছ’দিন শুটিং করার পরে হঠাৎই তিনি ছবিটি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। তখন দীপিকাকে ‘অপেশাদার’ বলে কটাক্ষ করেছিলেন ছবির প্রযোজক রমেশ তৌরানি। দীপিকার আচরণে খুবই হতাশ হয়েছিলেন এবং নিজেকে অসম্মানিত বলে মনে করেছিলেন রমেশ। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েওছিলেন তিনি।

রমেশ তৌরানি জানান, দীপিকার সঙ্গে তাঁর একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে দীপিকা সেই বৈঠক বাতিল করে দেন। পরে নাকি দীপিকার আপ্তসহায়ক সবটা মিটমাট করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। যদিও রমেশের দাবি, এর পরে দীপিকা তাঁর ফোন বা মেসেজের উত্তর দেননি এবং দেখাও করেননি।

Advertisement

রমেশ বলেন, “এই ইন্ডাস্ট্রিতে ২৫ বছরের কেরিয়ারে কোনও অভিনেতার কাছ থেকে আমি এতটা অসম্মান কখনও পাইনি। আমরা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছি।”

তিনি আরও জানান, ‘ককটেল’-এর সেটে গিয়ে তিনি দীপিকার সঙ্গে কথা বলেছিলেন। এমনকি, ‘রেস ২’-এর শুটিংয়ের তারিখও বদলানো হয়েছিল, যাতে দীপিকার সুবিধা হয়।

ঘটনার কথা বলতে গিয়ে রমেশ বলেন, “আমরা সবরকম চেষ্টা করেছিলাম যাতে দীপিকা এই সিদ্ধান্ত না নেন। আমি সত্যিই চেয়েছিলাম বিষয়টা মিটিয়ে নিতে। কিন্তু তিনি একটুও নরম হননি। অন্য অভিনেতাদের এবং পরিচালকদের যে অসুবিধা হয়েছে, তার জন্যও কোনও অনুশোচনা দেখাননি। এর পর বাধ্য হয়ে নির্দিষ্ট সংগঠনে অভিযোগ জানাতে হয়। এই আচরণে আমি খুবই দুঃখ পেয়েছিলাম।”

কয়েকদিন পরে দীপিকা নতুন শর্তে আবার ‘রেস ২’ ছবিতে ফেরেন। কিন্তু তার আগে বিস্তর বিতর্ক হয়েছিল। তবে এই বিতর্কের কোনও প্রভাব পড়েনি দীপিকার কর্মজীবনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement