মেয়ে রাহার কারণে রাম হয়ে উঠতে পারছেন রণবীর। ছবি: সংগৃহীত।
‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর কপূর। দর্শক অপেক্ষা করে রয়েছেন বড়পর্দায় তাঁকে রামের বেশে দেখার জন্য। রাম হয়ে ওঠার জন্য কী কী আত্মত্যাগ করেছেন তিনি, সেই গল্পও ঘুরছে মুখে মুখে। যদিও, তিনি নাকি রাম হতে চাননি। প্রথম যখন তাঁর কাছে এই ছবির প্রস্তাব আসে, তা ফিরিয়ে দেন রণবীর। মেয়ে রাহার জন্যই নাকি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।
২ এপ্রিল হনুমান জয়ন্তী। সেই দিনেই বড়পর্দায় রাম রূপে রণবীরকে দেখার অধীর অপেক্ষা শেষ হবে দর্শকের। সম্প্রতি ছবির পরিচালক নীতীশ তিওয়ারি ও প্রযোজক নমিত মলহোত্রের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে একটি সিনেমা সংক্রান্ত অনুষ্ঠানে গিয়ে রণবীর জানান, তিনি প্রথমে এই ছবিটি করতে ভয় পেয়েছিলেন।
প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে এই ছবি। রাম হয়ে উঠতে নাকি সাত্ত্বিক জীবনযাপন করতে হয় রণবীরকে। অভিনেতার কথায়, ‘‘যখন নমিত ও নীতীশ প্রস্তাবটা নিয়ে আসে, আমি বলেছিলাম যে, পারব না। এই চরিত্রটা করার জন্য প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল, চরিত্রটার সঙ্গে ন্যায়বিচার করতে পারব না।’’ ঠিক সেই সময়ে, জীবনের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছিলেন অভিনেতা। বাবার দায়িত্ব আসে তাঁর কাঁধে। তাতে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময় চেয়ে নেন রণবীর।
অভিনেতা বলেন, ‘‘আমি জীবনের এমন এক পর্যায়ে ছিলাম, যখন জীবনধারায় পরিবর্তন আনা দরকার ছিল। আমি প্রথম বার বাবা হলাম। আমার মনে হয়, ভগবান রামের চরিত্রে অভিনয় করা এবং বাবা হওয়ার এই মধুর কাকতালীয় ঘটনাটি আমার জীবনের মোড় ঘোড়ানোর ক্ষেত্রে দরকার ছিল।’’ সেই কারণে মেয়ে রাহার প্রতি কৃতজ্ঞ অভিনেতা। তাঁর কথায়, মেয়ের কারণেই এই পরিবর্তন এসেছে অভিনেতার জীবনে।