কী অভিযোগ রণবীর সিংহের বিরুদ্ধে? ছবি: সংগৃহীত।
কিছু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল অভিনেতা রণবীর সিংহের বিরুদ্ধে। সেই কারণে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর-ও। এর বিরোধিতা করে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তার এক দিন পরেই এই মামলায় অভিনেতাকে স্বস্তি দিল আদালত। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানানো হয়েছে আদালতের তরফে।
মাসকয়েক আগে গোয়ার এক অনুষ্ঠানে ঋষভ শেট্টী পরিচালিত ও অভিনীত ছবি ‘কান্তারা’ প্রশংসা করছিলেন রণবীর। ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অভিনয়ও সে দিন মঞ্চে করে দেখিয়েছিলেন তিনি। এমনকি, চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেছিলেন রণবীর। এর পরেই কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব্য সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছিল ‘ধুরন্ধর’-খ্যাত অভিনেতার বিরুদ্ধে।
ওই ঘটনার পরে বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল অভিনেতা রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। সেই অভিযোগে দাবি করা হয়, হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন রণবীর এবং চামুণ্ডাদেবীর মতো অভিনয় করতে গিয়ে তিনি আদতে কর্নাটকের এই দেবীকে অপমান করেছেন। সেই মামলায় অবশেষে স্বস্তি পেলেন অভিনেতা। তবে মামলা এখনও তদন্তাধীন এবং এই সময়ে রণবীরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এই মামলার শুনানির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে ২ মার্চ পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে খবর। প্রসঙ্গত, গোয়ার অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে প্রবল কটাক্ষের শিকার হন অভিনেতা। এর পরে তিনি সর্বসমক্ষে ক্ষমাও চেয়েছিলে। যদিও তাতে বিশেষ চিঁড়ে ভেজেনি।