(বাঁ দিকে) আরিয়ান খান, (ডান ডিকে) রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
দু’জনের গ্রেফতারির মধ্যে সময়ের ফারাক মোটামুটি এক বছরের। রিয়া চক্রবর্তী এবং আরিয়ান খান। দু’জনের বিরুদ্ধেই মাদক সংগ্রহ এবং সেবনের অভিযোগ। তাঁদের আটক থেকে গ্রেফতার হওয়ার মধ্যেও অনেক মিল রয়েছে। আরিয়ান জেল থেকে ফেরার পরে নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া।
২৮ দিন জেলে থাকার পরে ছাড়া পেয়েছিলেন রিয়া। অন্য দিকে মাদককাণ্ডে ধরা গ্রেফতার হওয়ার পরে আরিয়ানের জামিনের আবেদন একাধিক বার খারিজ হয়ে যায়। প্রায় ৩০ দিন আর্থার রোড জেলে থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। আরিয়ান ছাড়া পাওয়ার পরে নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন রিয়া, এমনই ফিসফাস শোনা যায়। এ বার সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন রিয়া নিজেই। তাঁর কথায়, ‘‘হ্যাঁ। আমি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করি। কারণ, আমি জানি, সেই মুহূর্তে মানসিক অবস্থা ঠিক কেমন থাকে। ওঁর ঘটনার সঙ্গে আমার ভাই শৌভিকের অনেক মিল রয়েছে। তাই আমি আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলাম।’’
তবে রিয়া জানান, তিনি ভাগ্যবতী। কারণ, নিজের চারিদিকে কিছু ভাল বন্ধু পেয়েছিলেন, যাঁরা সবসময়ে তাঁর পাশে ছিলেন। যাঁর মধ্যে অন্যতম হুমা কুরেশি ও তাঁর ভাই শাকিব সালিম। এ ছাড়াও শিবানী দণ্ডেকর, অনুষা দণ্ডেকরের মতো তারকারা রিয়ার পাশে ছিলেন। রিয়ার কথায়, ‘‘আমার বন্ধুরা কটাক্ষের শিকার হবে জেনেও আমাদের পাশে ছিল। আমার মা-বাবার খেয়াল রেখেছিল ওরাই।’’