Richa Chadha

যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ হওয়ার আগেই ব্যক্তিকে ‘অপমান’! বড় আইনি জটিলতায় পড়লেন ঋচা

মানহানির মামলা করা হল অভিনেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, তিনি এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করেছেন এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৮:৫০
Share:

আইনি বিপাকে ঋচা। ছবি: সংগৃহীত।

বিপাকে পড়়েছেন ঋচা চড্‌ঢা। মানহানির মামলা দায়ের হল অভিনেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, তিনি এক ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করেছেন এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। সেই অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে সমাজমাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক মহিলা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

Advertisement

ওই মহিলা বিমান থেকে নেমে জানান, তাঁর পাশেই বসেছিলেন ওই ব্যক্তি। যাত্রাপথে ওই ব্যক্তি নাকি ওই মহিলার যৌন হেনস্থা করেন। ব্যক্তির নাম ও পেশা সমস্ত সমাজমাধ্যমে প্রকাশ করে দেন সেই মহিলা। পোস্টটি মুহূর্তে ছড়িয়ে পড়ে। ঋচাও সেই পোস্ট নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লেখেন, “ওকে বিখ্যাত করে দাও!”

এই পোস্টটি থেকেই আপত্তি। যে অভিযোগের কোনও ভিত্তি নেই, যে অভিযোগ এখনও প্রমাণিতই নয়, সেটি এই ভাবে কি পোস্ট করা যায়? অনেকেই এই প্রশ্ন তুলে সরব হয়েছেন ঋচার বিরুদ্ধেই।

Advertisement

ওই ব্যক্তি ঋচার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। আদালতের তরফ থেকেও জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কোনও ব্যক্তির বিরুদ্ধে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসাবে এই ধরনের পোস্ট করার জন্যই সমস্যা। ওই ব্যক্তির দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিমানে উঠে তিনি কিছুক্ষণ বসে থাকার পরে নাকি ঘুমিয়ে পড়েছিলেন। শুধু ঋচার বিরুদ্ধেই নয়, অভিযোগকারিণী মহিলার বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন সেই ব্যক্তি।

এই মামলা দায়ের হওয়ার পরে সমাজমাধ্যম থেকে ওই বিতর্কিত পোস্ট সরিয়ে দেন ঋচা। তবে তাঁর বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করেননি অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement