Samantha Ruth Prabhu

অন্তঃসত্ত্বা অবস্থাতেই কঠিন নাচের দৃশ্যের শুটিং! সমান্থার জন্য কী কী খেয়াল রেখেছিলেন পরিচালক?

ছবির শেষ পর্যায়ের শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন সমান্থা, জানিয়েছেন নন্দিনী। সেই সময়ে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা নিয়েই ছবির বাকি অংশের শুটিং শেষ করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২০:২৮
Share:

অন্তঃসত্ত্বা অবস্থায় কী ভাবে নাচলেন সমান্থা? ছবি: সংগৃহীত।

দীর্ঘ বিরতির পর ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন দক্ষিণী তারকা সমান্থা রুথ প্রভু। ছবির সাফল্য উপভোগ করছেন তিনি। এর মধ্যেই সমান্থা জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। ‘মা ইনতি বঙ্গারাম’ ছবির একটি গানের শুটিং নাকি তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছেন। জানিয়েছেন পরিচালক নন্দিনী রেড্ডী।

Advertisement

ছবির শেষ পর্যায়ের শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন সমান্থা, জানিয়েছেন নন্দিনী। সেই সময়ে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা নিয়েই ছবির বাকি অংশের শুটিং শেষ করা হয়। এক সাক্ষাৎকারে নন্দিনী বলেন, ‘‘বহু বছর ধরেই দর্শক সমান্থাকে ভালবাসেন। আমাদের লক্ষ্য ছিল, দর্শকের সামনে সেই চেনা সমান্থাকেই ফিরিয়ে আনা। আমরা জানতাম, তাঁকে এ ভাবেই দেখতে চাইবেন দর্শক। জানতাম এ ভাবেই দর্শক প্রেক্ষাগৃহে ফিরবেন।”

পরিচালকের কথায়, ২০২৫ সালের নভেম্বর মাসে ছবির শুটিং শুরু হয়েছিল। প্রায় ছয় থেকে সাত মাস ধরে চলেছিল শুটিং। নন্দিনী বলেন, ‘‘সৌভাগ্যবশত ছবির বেশির ভাগ লড়াইয়ের দৃশ্য আগেই শুট হয়ে গিয়েছিল। কিন্তু ‘থাসাদিয়া’ গানের শুটিং চলাকালীন আমি জানতে পারি, সমান্থা মা হতে চলেছেন। তখন ছবির শুটিং প্রায় শেষের দিকেই পৌঁছে গিয়েছিল।’’

Advertisement

যদিও তখনও নাকি কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি ছিল। তার মধ্যে অন্যতম উল্লিখিত গানটির শুটিং। নন্দিনীর কথায়, ‘‘ওর উপর যেন অতিরিক্ত চাপ না পড়ে, সে দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছিল। নিয়মিত বিরতির ব্যবস্থা ছিল। প্রখর রোদে শুটিং করা হয়নি। এমন ভাবেই পরিকল্পনা করা হয়েছিল যাতে ও খুব বেশি ক্লান্ত না হয়ে পড়ে।’’

সমান্থার প্রশংসায় পঞ্চমুখ পরিচালক। তাঁর কথায়, ‘‘ও সব দিক থেকেই একজন তারকা। অভিনয়, হাস্যরস, আবেগ, অ্যাকশন, নাচ— সবেতেই ও নিজেকে প্রমাণ করেছে। এই ছবিতে আমরা সেই সমান্থাকেই তুলে ধরতে চেয়েছি। আমরা জানতাম, এটাই ছবির সবচেয়ে বড় শক্তি।’’ ছবিতে গুলশন দেবাইয়া, মঞ্জুষা, শ্রীমুখী-সহ একাধিক অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও নন্দিনীর মতে, ছবির মূল আকর্ষণ সমান্থাই। অভিনেত্রীর সম্পর্কে নন্দিনী বলেন, ‘‘দেখতে ছোটখাটো হলেও ওর কাঁধে অসাধারণ দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে।”

গত ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মা ইনতি বঙ্গারাম’। ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement